অন্যকে ফাঁসাতে শিশু ভাগনিকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে সাত বছরের একটি শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় গত সোমবার শিশুটির মামাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, শিশুটির মামা হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গতকাল মঙ্গলবার গাজীপুর বিচারিক হাকিমের আদালতে এ জবানবন্দি দেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হারুন অর রশীদ গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান।
নিহত শিশুর নাম নাজনীন (৭)। নাজনীন কিশোরগঞ্জের ভৈরবের মাইচচর এলাকার আক্কাস আলীর মেয়ে। এ ঘটনায় গ্রেপ্তার নাজনীনের মামা রিপন মিয়া (২৮) গাজীপুরের শ্রীপুরে চকপাড়া এলাকার বাসিন্দা। তাঁর সহযোগী রবিউল ইসলাম (২৭) বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের বাসিন্দা।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, নাজনীন শ্রীপুরের চকপাড়া এলাকায় নানা-নানির সঙ্গে থাকত। সে স্থানীয় চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত বৃহস্পতিবার রাতে নাজনীনের নানা হাসমত আলী টাঙ্গাইলে তাঁর স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে নাজনীন তার নানি মিনুজা বেগমের সঙ্গে ঘুমাতে যায়। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা পুলিশের লোক পরিচয় দিয়ে তাঁদের দরজা খুলতে বলে। মিনুজা বেগম ঘরের দরজা খুললে তারা নাজনীনকে ঘরের উঠানে নিয়ে আসে ও মিনুজা বেগমকে ঘরের ভেতরে আটকে রাখে। পরে তারা নাজনীনকে গলা কেটে হত্যা করে বারান্দায় ফেলে রেখে যায়।
পরের দিন সকালে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত শিশুর মা আসমা আক্তার বাদী হয়ে স্থানীয় আবদুল করিমসহ কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। আবদুল করিমদের সঙ্গে তাঁদের জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছে।
জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক মো. আমিনুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডে নাজনীনের মামা রিপনের সংশ্লিষ্টতা পেয়ে পুলিশ সোমবার ঢাকার রামপুরা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ ওই দিন একই এলাকা থেকে রবিউলকেও গ্রেপ্তার করে।