বগুড়ায় নিজের মেয়েশিশুকে লুকিয়ে রেখে অন্যকে ফাঁসাতে অপহরণের মামলা করার অভিযোগে এক দম্পতি ও তাঁদের এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন নিলুফা শারমিন, তাঁর স্বামী মিঠু আহম্মেদ ও ছেলে ফাহিম নুরে আলম।
পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গত শনিবার দুপুরে শহরের ফুলদীঘি এলাকার গৃহবধূ নিলুফা শাজাহানপুর থানায় অভিযোগ দেন, তাঁর সাড়ে তিন বছরের মেয়ে মেঘলা মানতাসা অপহরণের শিকার হয়েছে। তিনি ওই দিন বেলা ১১টার দিকে ফুলদীঘি মডেল কিন্ডারগার্টেন থেকে আনতে গিয়ে দেখেন, মেঘলা সেখানে নেই। তাকে অপহরণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর শনিবার বিকেল থেকেই মেঘলাকে উদ্ধারে পুলিশ তৎপর হয়। রাত ১১টার দিকে মেঘলাকে নিলুফার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। অপহরণের বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ হলে মেঘলা, তার মা নিলুফা ও সৎ ভাই ফাহিম নুরে আলমকে থানায় নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে নিলুফা স্বীকার করেন অপহরণের ঘটনাটি সাজানো। নিলুফার স্বামী মিঠু আহমেদ ঢাকায় একটি বেসরকরি প্রতিষ্ঠানে চাকরি করেন। মিঠুর প্রথম স্ত্রীর ছেলে ফাহিমকে নিয়ে নিলুফা ফুলদীঘি এলাকায় তাঁর বাবার বাড়িতে বসবাস করেন। সেখানে তাঁর ভাতিজাদের সঙ্গে ঝগড়া হয়। ক্ষোভে তিনি তাঁর ভাতিজাকে ফাঁসানোর পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে মেঘলাকে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রামের তাঁর এক আত্মীয়ের কাছে পাঠিয়ে থানায় অপহরণের অভিযোগ করেন। পুলিশি তৎপরতার পরিপ্রেক্ষিতে ওই আত্মীয় শিশুটিকে শনিবার রাতে বাসার সামনে রেখে যান।
এ ঘটনায় শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মণ্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।