অন্যতম সন্দেহভাজন জাহাঙ্গীর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা-অগ্নিসংযোগ-লুটের ঘটনার ‘অন্যতম সন্দেহভাজন’ জাহাঙ্গীর আলমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে হামলার ঘটনায় আট মামলায় এ পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে ১০ দিনের রিমান্ড আবেদন করে। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলাম তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাহাঙ্গীর নাসিরনগরের হরিপুর ইউনিয়নের সংকরাদহ গ্রামের বেনু মিয়ার ছেলে। স্থানীয় হরিণবেড় বাজারের আল আমিন সাইবার পয়েন্ট অ্যান্ড স্টুডিওর মালিক জাহাঙ্গীর। গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে হরিপুর ইউপির আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দেওয়ান আতিকুর রহমানের পক্ষে কাজ করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নাসিরনগরের ঘটনার শুরু থেকেই অভিযোগ ওঠে, জাহাঙ্গীর তাঁর প্রতিষ্ঠানটি থেকে ধর্ম অবমাননাকর ছবি প্রিন্ট করে লিফলেট আকারে এলাকায় বিতরণ করেন। তিনি গ্রেপ্তার রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে ছবিটি পোস্ট করেন বলেও ওঠে অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর অনেক তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এসব এখনই বলা যাচ্ছে না। রিমান্ডে তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। তখন সবকিছুই জানানো হবে।

এদিকে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, গত সোমবার গ্রেপ্তার হরিপুর ইউপি যুবদল নেতা বিল্লাল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের ভাষ্য, জবানবন্দিতে বিল্লাল বলেছেন, হামলার দিন হরিণবেড় বাজার থেকে নাসিরনগর উপজেলা সদরে লোক নিয়ে যেতে দুটি ট্রাক ভাড়া করেন তিনি। নিজের একটি ট্রাক্টরেও লোক নিয়ে যান। বিল্লাল, জাহাঙ্গীর আলম, দেওয়ান রুবেল (ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুরের বড় ভাই) ও সুজন পাঠান ট্রাকবহরের নেতৃত্ব দেন। আরও পাঁচ-ছয়জনের নাম বলেছেন বিল্লাল। ধর্ম অবমাননার অভিযোগে হওয়া প্রতিবাদ সমাবেশেও তিনি অংশ নেন।

পুলিশের তদন্ত প্রতিবেদন: ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত দলের প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, তদন্তে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে। গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হরিপুর ইউপির আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়ার সঙ্গে রাজনৈতিক বিরোধ দেখা দেয়। ওই ইউপির বিএনপি-সমর্থিত সাবেক চেয়ারম্যান জামাল মিয়া ও ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল মিয়া রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এই বিরোধকে কাজে লাগিয়েছেন। তাঁরা রসরাজের ঘটনাও ব্যবহার করেছেন।