অন্যদের পরীক্ষা দিতে দিলেন না বহিষ্কৃত শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২ ​নভেম্বর রামদায় শাণ দিচ্ছেন মোফাজ্জল হায়দার l ফাইল ছবি
গত ২ ​নভেম্বর রামদায় শাণ দিচ্ছেন মোফাজ্জল হায়দার l ফাইল ছবি

পাঁচ মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় রামদায় শাণ দেওয়ায় শিক্ষার্থী মোফাজ্জেল হায়দার হোসাইন ওরফে টাইগার মোফাকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কারাদেশ বহাল থাকায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে এসে পরীক্ষাকক্ষেই তালা ঝুলিয়ে দিয়েছেন। বাধ্য হয়ে শিক্ষকেরা পরীক্ষা স্থগিত করেন।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এই ঘটনা ঘটে। গতকাল থেকে ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের অবৈধ বহিষ্কারাদেশের কারণে ছাত্রলীগের কর্মী পরীক্ষা দিতে পারবে না, এটা হতে পারে না। আজ (গতকাল) সোমবার যা ঘটেছে, আমরা তা সমর্থন করি।’
গত বছরের ২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের হয়ে রামদায় শাণ দিচ্ছিলেন মোফাজ্জেল। এই ছবি পরদিন প্রথম আলোয় প্রকাশিত হয়। পরে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করে কর্তৃপক্ষ।
চারুকলা ইনস্টিটিউট সূত্র জানায়, গতকাল সকালে মোফাজ্জেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে এসে উপস্থিত হন ইনিস্টিটিউটের নগর ক্যাম্পাসে। সকাল সাড়ে নয়টার দিকে পরীক্ষার জন্য নির্ধারিত ২০৬ ও ৩০৬ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক প্রণব মিত্র চৌধুরী প্রথম আলোকে বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জরুরি বৈঠক করে পরীক্ষা স্থগিত করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরকে জানানো হয়েছে। দ্বিতীয় বর্ষের অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানান প্রণব মিত্র চৌধুরী।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানহানির সঙ্গে জড়িত কারও বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুযোগ নেই। চারুকলা ইনস্টিটিউট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোফাজ্জেলকে প্রয়োজনে স্থায়ী বহিষ্কার করা হবে।