অন্যের জমি বন্ধক দেখিয়ে ব্যাংকঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক বরিশালের গৌরনদী শাখার ব্যবস্থাপক ও এক ঋণ কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ নিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয় ও কয়েকজন ব্যক্তির সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে চার লাখ টাকা ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, গৌরনদীর উত্তর বিজয়পুর গ্রামের মো. মোস্তফা খানের নামে ২০১০ সালের ১৭ জানুয়ারি সোনালী ব্যাংক গৌরনদী শাখা চার লাখ টাকা ঋণ অনুমোদন করে। কাগজপত্রে দেখা যায়, মোস্তফার নামে ঋণ করাতে বন্ধক হিসেবে যেসব জমি দেখানো হয়েছে, তার আরএস, এসএ এবং বিএস রেকর্ড ও দখলীয় মালিক গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর বিজয়পুর গ্রামের মো. সরোয়ার হোসেন খান, মো. হারুন খান, মো. তোফাজ্জেল তালুকদারসহ কয়েকজন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ বলেন, থানা গৌরনদী, জেএল নম্বর ৭৩, মৌজা উত্তর বিজয়পুর, আরএস খতিয়ান ৮১, দাগ নম্বর ৩৫৪, বিএস খতিয়ান ৬, দাগ নম্বর ৫৩৬, ৫৩৭-এর ১৩ শতাংশ জমি তাঁদের বিদ্যালয়ের নামে রেকর্ড করা। এই সম্পত্তি বিদ্যালয়ের দখলেই আছে।
তোফাজ্জেল হোসেন তালুকদার জানান, উত্তর বিজয়পুর মৌজার ৭৪ নম্বর খতিয়ানের এসএ ৩৭৯ নম্বর দাগের ১১ শতাংশ জমি তাঁর নামে রেকর্ড করা। জমিটিতে তিনি তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করছেন। সরোয়ার হোসেন খান জানান, একই মৌজার খতিয়ান নম্বর ২৯৫, এসএ ৩৬৬ নম্বর দাগের ১৬ শতাংশ জমির আরএস রেকর্ডে মালিক তাঁর মা মৃত রাশিদা খাতুন। বর্তমানে জমিটি তিনিসহ তাঁর ভাইবোনদের নামে বিএস রেকর্ড করা এবং তাঁরাই এর ভোগদখল করছেন। একই অভিযোগ করেন ঋণগ্রহীতা মোস্তফা খানের ভাই শহিদ খান, হারুন খান ও মাসুম খান। তাঁরা জানান, জেএল ৭৩ নম্বর মৌজার খতিয়ান নম্বর ৬২, ৮০, ৮১, দাগ নম্বর ৩৫৪, ৩৬১, ৩৬৬, ৩৭৯, ৩৮৪, ৩৮৫ তাঁদের নামের সম্পত্তির ওপর বরিশাল দ্বিতীয় সাবজজ আদালত গত ১৩ ফেব্রুয়ারি পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেন। তাঁরা বলেন, তাঁরা তাঁদের নামের কোনো সম্পত্তি ব্যাংকে বন্ধক দেননি। ব্যাংক তাঁদের নামে জালিয়াতি করে ঋণ দিয়েছে। তাঁরা গত ৩ মার্চ সোনালী ব্যাংক গৌরনদী শাখা ব্যবস্থাপককে উকিল নোটিশ দেন। ২২ মার্চ সম্পত্তি নিলাম হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছে।
সরোয়ার হোসেন খান গতকাল শনিবার বলেন, এ ঘটনায় তিনি দু-এক দিনের মধ্যে হাইকোর্টে রিট করবেন।
মোস্তফা খান বলেন, ‘ওই সময় ঋণ নিতে গেলে শাখার ব্যবস্থাপক আবদুর রশিদ ও ঋণ কর্মকর্তা আলী আহম্মেদ খান তাঁকে জানান, তাঁর জাতীয় পরিচয়পত্র ও ট্রেড লাইসেন্স দিলেই হবে। তবে চার লাখ টাকা ঋণ নিতে বন্ধকসহ অন্য কাগজপত্র তৈরি করতে তাঁদের ১ লাখ ৪০ হাজার টাকা দিতে হবে। প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকদের নামের জমি বন্ধক দিতে আমি কোনো কাগজপত্র দিইনি। কাগজপত্র ব্যাংকের কর্মকর্তারা তৈরি করেন।’
বর্তমান শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ঋণের অনুকূলে কাগজপত্র অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ নিলাম-প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তৎকালীন ঋণ কর্মকর্তা আলী আহম্মেদ খান (বর্তমানে উজিরপুর শাখায় কর্মরত) বলেন, জাল কাগজপত্র তৈরি করে প্রতারণা মোস্তফাই করেছেন। এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
আবদুর রশিদ বলেন, ‘আমি কোনো উৎকোচ নিইনি। জালিয়াতিও করিনি। বন্ধকের কাগজপত্র জালিয়াতি মোস্তফা নিজেই করেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, তিনি (আবদুর রশিদ) অবসরে গেছেন। কিন্তু এই জালিয়াতির অভিযোগে তাঁর পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে।