অন্যের বদলে পরীক্ষা দিতে এসে ধরা

লালমনিরহাটে অন্যের বদলে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন ১০ জন। লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থীর বদলে তাঁরা পরীক্ষার হলে যান। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বদলি পরীক্ষার্থীদের সাজা দেওয়া ছাড়াও প্রকৃত পরীক্ষার্থীদের বহিষ্কার করেছেন আদালত।
আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান দ্বিতীয় বর্ষের বিশেষ পরীক্ষা-২০১৬–এর ইংরেজি (আবশ্যিক) বিষয়ে পরীক্ষা ছিল। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মমতাজ বেগম এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রংপুর কারমাইকেল কলেজের অ্যাকাউন্টিংয়ের (মাস্টার্স) শিক্ষার্থী লিটন সরকার (২৪), উত্তর বাংলা কলেজের মনোবিজ্ঞানের (৪র্থ বর্ষের) শিক্ষার্থী সৌরভ আহমেদ (২৭), রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের (২য় বর্ষের) শিক্ষার্থী আবদুল আজিজ (২১), বগুড়া আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা (মাস্টার্স ২০১২ সালে পাস) বিভাগের নয়ন হোসেন (৩২), রংপুর কারমাইকেল কলেজের বাংলার (মাস্টার্স) শিক্ষার্থী মজিবুল ইসলাম (২৪), ইংরেজির (৪র্থ বর্ষ) শিক্ষার্থী উম্মে হাবিবা বেগম (২৪), শিক্ষার্থী লিমা খাতুন (২২), রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত (মাস্টার্স ২০১৪ সালে পাস) বিভাগের শিক্ষার্থী সুরজিৎ চন্দ্র বর্মণ (২৬), সমাজবিজ্ঞানের (৩য় বর্ষ ২য় সেমিস্টার) ছাত্র শাহিন আলম (২২) ও লালমনিরহাটের হাতীবান্ধার আলীমউদ্দিন ডিগ্রি কলেজের অ্যাকাউন্টিংয়ের (৪র্থ বর্ষ) শিক্ষার্থী রমজান আলী।
লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বলেন, বদলিরা প্রকৃত পরীক্ষার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে অনৈতিক কাজে যুক্ত হয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আইন অনুযায়ী সাজা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।