অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে টাকার বিনিময়ে অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন দুজন। আজ শুক্রবার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে তাঁরা ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

সাজার আদেশপ্রাপ্ত দুজন হলেন দিনাজপুর শহরের মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান ও একই জেলার খানসামা উপজেলার ভেড়ভেড়ি গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে লিটন চন্দ্র রায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষায় আতিকুর রহমান সদর উপজেলার কহরপাড়ার মো. আতাব উদ্দিনের ছেলে রেজাউল করিমের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। আর লিটন চন্দ্র রায় বালিয়াডাঙ্গীর আরাজি সরলিয়া গ্রামের মোহাম্মদ কাসিরুলের ছেলে মো. আবদুস সবুরের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ-আল-মামুন বলেন, ওই দুই ব্যক্তি পরীক্ষার্থীর নাম-ঠিকানা ঠিক রেখে প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে নিয়োগ পরীক্ষা দিচ্ছিলেন। একপর্যায়ে আচরণে সন্দেহ হলে তাঁদের চ্যালেঞ্জ করা হয়। পরে মূল আবেদনপত্রের সঙ্গে গরমিল পাওয়া গেলে ওই দুজন টাকার বিনিময়ে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আতিকুর রহমানকে এক মাস ও লিটন চন্দ্র রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।