অন্যের হয়ে পরীক্ষা, ছাত্রলীগ নেতাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলার সময় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাসহ দু্জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষার সময় তাঁদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটায় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০৩ নম্বর কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলছিল। এ সময় মো. সানাউল নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে আসেন জনি রহমান। প্রবেশপত্রের ছবির সঙ্গে জনির ছবির মিল না পেয়ে ওই কক্ষের পরিদর্শক ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক এ টি এম শাখাওয়াত হোসেন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই কক্ষের পাশেই ঘোরাঘুরি করছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান। পরীক্ষা কেন্দ্রের আশপাশে তিনি কেন ঘোরাঘুরি করছেন তা জানতে চান ওই শিক্ষক।
শিক্ষক শাখাওয়াত বলেন, ‘আমার সঙ্গে কথা বলতে বলতেই খলিলুর পরীক্ষার হলে ঢুকে জনিকে পালিয়ে যেতে বলেন। তাঁদের পালিয়ে যেতে দেখে আমি নিরাপত্তাকর্মীদের ডাক দিই। তাঁরা এসে ওই দুজনকে আটক করেন। এরপর সেখান থেকে তাঁদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।’
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে খলিলুরকে গতকাল সন্ধ্যায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘জনি ৫০ হাজার টাকা চুক্তি করে ‘প্রক্সি’ দিতে এসেছেন বলে আমাদের কাছে স্বীকার করেছেন। খলিলুর আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা করছেন।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ওই দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।