অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ঢাবি ছাত্র আটক
অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতেখার আহম্মেদ (২০) পুলিশের হাতে আটক হয়েছেন। নাটোরের গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজ কেন্দ্র থেকে গতকাল রোববার তাঁকে আটক করা হয়।
গুরুদাসপুর থানার এসআই সুব্রত কুমার মাহাতো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইফতেখার তাঁর চাচাতো ভাইয়ের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেছেন। ইফতেখারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। আটক ইফতেখার গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গাড়িষাপাড়া মহল্লার শাহজাহান আলী মোল্লার ছেলে।
থানা হাজতে আটক ইফতেখার বলেন, তাঁর চাচাতো ভাই ইংরেজি বিষয়ে গত দুই বছর ফেল করেছে। তার অনুরোধে তিনি পরীক্ষা দিচ্ছিলেন। তবে এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন।
কেন্দ্র সচিব অধ্যক্ষ ইব্রাহিম হোসেন বলেন, বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ কেন্দ্র-২ হিসেবে এখানে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগের দিন গত শনিবার ইংরেজি প্রথম পত্রেও প্রকৃত ছাত্র আলামীনের হয়ে ইফতেখার পরীক্ষা দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল একই পন্থায় দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে এলে ইফতেখারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি চাচাতো ভাইয়ের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে পুলিশে দেওয়া হয়।