অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে দণ্ডিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে অর্থের বিনিময়ে অন্যের পরীক্ষা দিতে গিয়ে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করা এক ব্যক্তি দণ্ডিত হয়েছেন। তাঁর নাম আবদুল ওহাব (২৬)। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে লালমনিরহাট জেলা কারাগারে পাঠিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী গ্রামের আবদুল ওহাব সাত হাজার টাকার বিনিময়ে লালমনিরহাট সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আবু সুফিয়ানের পরীক্ষা দিতে রাজি হন। গতকাল লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৪ সালের ইংরেজি আবশ্যিক বিষয়ে পরীক্ষা দিতে আসেন তিনি। পরীক্ষা চলাকালে সন্দেহ হলে শিক্ষকেরা তাঁকে জেরা করেন। এ সময় তিনি অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। আবদুল ওহাব বলেন, ‘আমি ২০১৩ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে প্রথম শ্রেণি পেলেও বর্তমানে বেকার আছি। টাকার জন্য এ কাজ করতে বাধ্য হয়েছি।’
একই দিন একই কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় লালমনিরহাট সরকারি মহাবিদ্যালয়ের আরও দুই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার প্রদীপ কুমার রায় (২২) ও কালীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (২৪)। তাঁরা মুঠোফোনের মাধ্যমে নকল করার সময় হাতেনাতে ধরা পড়েন।