অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের একটি নিয়োগ পরীক্ষায় অন্য ব্যক্তির হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুই যুবক। তাঁদের ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের রাসেল মোল্যা (৩১) ও চট্রগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের আহনাম আহমেদ (২৪)। তাঁদের মধ্যে আহনাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা হয়। রাসেল মোল্যা নিয়োগ পরীক্ষার আসল পরীক্ষার্থী শফিকুল ইসলামের হয়ে ও আহনাফ আহমেদ বিনয় কুমার মিত্রের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে তাঁদের চ্যালেঞ্জ করা হলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর আরিফুল হক মৃদুল ও সাদীয়া শাহনাজ খানম পৃথক দুটি আদালত পরিচালনা করে তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।

আরিফুল হক মৃদুল প্রথম আলোকে বলেন, জালিয়াতি করে অন্য ব্যক্তির হয়ে পরীক্ষায় অংশ নিতে এসে ধরা পড়ার পর পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০-এর ৩ (ক) ধারায় অপরাধ ও খ ধারায় তাঁদের শাস্তি প্রদান করা হয়েছে। পরে তাঁদের সরাসরি জেলা কারাগারে পাঠানো হয়েছে।