ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতদের দুজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে এ ঘটনায় করা মামলায় এঁদের মধ্যে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বহিষ্কৃত তিনজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির খলিলুর রহমান, গণিত বিভাগের তৃতীয় বর্ষের মাহফুজুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ওয়ালিউর হোসেন। এঁদের মধ্যে খলিলুর রহমান ও ওয়ালিউরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

খলিলুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। জালিয়াতির এ ঘটনায় গতকাল তাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। মাহফুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনজনই জহুরুল হক হলে ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটায় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০৩ নম্বর কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলছিল। এ সময় মো. সানাউল নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে আসেন ওয়ালিউর হোসেন। প্রবেশপত্রের ছবির সঙ্গে ওয়ালিউরের ছবির মিল না পেয়ে ওই কক্ষের পরিদর্শক ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক এ টি এম শাখাওয়াত হোসেন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই কক্ষের পাশেই ঘোরাঘুরি করছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান। পরীক্ষা কেন্দ্রের আশপাশে তিনি কেন ঘোরাঘুরি করছেন তা জানতে চান ওই শিক্ষক। একপর্যায়ে খলিলুর পরীক্ষার হলে ঢুকে ওয়ালিউরকে পালিয়ে যেতে বলেন। তাঁদের পালিয়ে যেতে দেখে নিরাপত্তাকর্মীরা ওই দুজনকে আটক করেন। এরপর সেখান থেকে তাঁদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওয়ালিউর এ ঘটনায় মাহফুজুর রহমান জড়িত বলে জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, আরেকজনের হয়ে পরীক্ষা দেওয়া ও তাঁকে সহযোগিতা করার অভিযোগে এই তিনজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ওই দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক তাপস কুমার বিশ্বাস জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুজনকে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।