অপচিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি বেসরকারি হাসপাতাল গতকাল বৃহস্পতিবার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ হাসপাতালে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মামলা করার দুদিন পর এ পদক্ষেপ নেওয়া হলো। এদিকে নান্দাইল উপজেলায় অপচিকিৎসায় গত বুধবার একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন ও প্রসূতির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী আছমা আক্তার (২২) গত মঙ্গলবার সকালে ভালুকা শহরের তাহমিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। এরপর হাসপাতালের মালিক ও চিকিৎসক মোশারফ হোসেন রোগীর স্বজনদের বলেন, আছমার দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে আছমা মেয়েসন্তানের জন্ম দেন। নবজাতকটি সুস্থ থাকলেও অস্ত্রোপচারের পর আছমার রক্তক্ষরণ শুরু হয়। দীর্ঘ সময় পরও তা বন্ধ না হলে চিকিৎসকেরা দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করেন। এতেও কাজ না হওয়ায় বিকেলে আছমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বুধবার আছমার বাবা আবু তালেব মৃধা হাসপাতালের মালিক মোশারফ হোসেন ও এক চিকিৎসকের নামে থানায় মামলা করেন।

ভালুকার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গতকাল ওই হাসপাতালে অভিযান চালান। এ সময় অনুমোদন না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্ত্রোপচারে নোংরা যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। হাসপাতালটির মালিক মোশারফ হোসেনের মুঠোফোন বন্ধ রয়েছে।

নান্দাইলে মারা যাওয়া শিশুটির নাম তাইজুল ইসলাম (১০)। সে উপজেলা সদর ইউনিয়নের দাতারাটিয়া গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।

তাইজুলের মা সাফিয়া বেগম বলেন, তাঁর স্বামী সিরাজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তিনি (সাফিয়া) অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। চার-পাঁচ মাস আগে ছেলে তাইজুল অসুস্থ হয়। তিনি তাকে নিয়ে যান উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নান্দাইল চৌরাস্তা এলাকার পল্লিচিকিৎসক মো. লিটন সরকারের কাছে। তিনি যে ওষুধপত্র দেন, তা খাওয়ানোর পর তাইজুলের শরীর ফুলে যায়। যন্ত্রণায় সে সারাক্ষণ কান্নাকাটি করত। গত শনিবার তাইজুলকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাইজুলকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। তবে তিনি গত সোমবার তাইজুলকে ময়মনসিংহ শহরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে গত বুধবার রাতে তার মৃত্যু হয়।