রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূর (২৫) চুল কেটে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বাড়ির পাশে মমিনুল ইসলাম নামের এক ব্যক্তির মুদিদোকান রয়েছে। গৃহবধূ ওই দোকান থেকে পণ্য কিনতেন। কিছুদিন আগে তিনি ওই দোকানে গেলে মমিনুল তাঁকে কুপ্রস্তাব দেন। বিষয়টি তিনি বাড়িতে গিয়ে স্বামীকে জানান। এরপর তিনি ওই দোকান থেকে পণ্য কেনা বন্ধ করে দেন। গত বৃহস্পতিবার দুপুরে মমিনুল গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে কৌশলে মমিনুল পালিয়ে যান। পরে প্রতিবেশীরা ওই গৃহবধূকে অপবাদ দিয়ে তাঁকে লাঠি দিয়ে পেটান। একপর্যায়ে তাঁর চুল কেটে দেওয়া হয়।
গতকাল শুক্রবার সকালে ওই গৃহবধূ বদরগঞ্জ থানায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘মমিনুল খুব খারাপ মানুষ। আমাকে ধর্ষণের চেষ্টা করার সময় আমি চিৎকার করে লোকজন ডাকি, কিন্তু প্রতিবেশীরা এসে আমাকে খারাপ বলে অপবাদ দিয়ে লাঠি দিয়ে পেটান এবং জোরপূর্বক কয়েকজন আমাকে ধরে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন। এখন আমি ভয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি।’ বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘বৃহস্পতিবার রাতেই এজাহারভুক্ত দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’