অপবাদ সইতে না পেরে...
সাতক্ষীরায় চোর অপবাদ দেওয়ায় লোকলজ্জা ও অপমানে মিহির বিশ্বাস (১৯) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সাতক্ষীরা শহরের সুমি ছাত্রাবাসের নিজ কক্ষে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় পাওয়া একটি চিরকুটে ওই তরুণ নিজেকে নির্দোষ দাবি করে গেছেন।
মিহির সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও আশাশুনি উপজেলার ব্রজবক্স গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে। চিরকুটটিতে লেখা ছিল, ‘আমাকে প্রতিবেশীরা চোর বলে অপবাদ দিচ্ছে। বাড়ি গিয়ে আমি মুখ দেখাবো কী করে? আমি টাকা চুরি করিনি।’
মৃতের বোন কৌশল্যা বিশ্বাস বলেন, তাঁর ভাই এক সপ্তাহ আগে বাড়ি থেকে ছাত্রাবাসে আসেন। আসার আগে এক প্রতিবেশীর বাড়িতে মুঠোফোনে চার্জ দিতে গিয়েছিলেন। ভাই চলে আসার পর ওই প্রতিবেশী অভিযোগ করেন, মিহির তাঁদের বাড়ি থেকে ১০ হাজার টাকা চুরি করেছেন। গত শুক্রবার তাঁদের বাবা মুঠোফোনে ফোন করে এ নিয়ে মিহিরকে বকাবকি করেন। সেই সঙ্গে ছেলেকে বাড়িতে ডেকে পাঠান।