অপমান সইতে না পেরে গৃহকর্মীর আত্মহত্যা
চট্টগ্রামে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন রুনা আক্তার (১৪) নামের এক গৃহকর্মী। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৃহকর্মীর পরিবারের দাবি, গৃহকর্তার যৌন নিপীড়নের অপমান সইতে না পেরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে রুনা। এই ঘটনায় নগরের সদরঘাট থানায় গৃহকর্তা আমিন আহমেদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
নগরের সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলোকে জানান, মামলার এজাহারে নিহত রুনার মা রোকেয়া আক্তার উল্লেখ করেন, নগরের সদরঘাট আইস ফ্যাক্টরি রোড এলাকায় আমিন আহমেদের বাসায় ছয় মাস ধরে কাজ করছে গৃহকর্মী রুনা আক্তার। গত ২৯ নভেম্বর তার মা রোকেয়া আক্তার বেতনের টাকা নিতে এলে মাকে অভিযোগ করে, গৃহকর্তা তাকে যৌন হয়রানি করার চেষ্টা করছে। এই বাসায় সে আর কাজ করবে না। এই কথা বলার পর রোকেয়া আক্তার মেয়েকে আরও কয়েক মাস কাজ করতে বলেন। কাজ করবে না বললে মেয়েকে চড় মারেন মা। এ সময় গৃহকর্তা আমিনও তাঁর মেয়েকে লাথি মারেন। পরে রান্নাঘরে গিয়ে নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে রুনা। গুরুতর আহত অবস্থায় গৃহকর্মী রুনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রুনা মারা যায়।
ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর গৃহকর্মী ধর্ষিত হয়েছিল কি না, তাও স্পষ্ট হবে।
অভিযুক্ত গৃহকর্তা আমিন আহমেদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে সদীপ কুমার দাশ জানান।
তবে এ বিষয়ে আমিন আহমেদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।