অপমান সইতে না পেরে তরুণীর আত্মহত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি হিরার একটা থাপ্পড় সহ্য করতে পারলাম না। আমি আমার মা-বাবাকে ছোট হতে দেব না।’ Ñচিরকুটে এ কথা লিখেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী।

গত রোববার রাত আটটার দিকে মেহেরপুর শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে ফাতেমা জান্নাত ওরফে ঝিলিক (১৯) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

ফাতেমা মণ্ডলপাড়া এলাকার সোহেল রানা ওরফে ঝন্টুর মেয়ে। তিনি এ বছর মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

ফাতেমার লাশের পাশ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। এ ব্যাপারে রাতেই ফাতেমার বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা করেছেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে হিরা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

ফাতেমার মা পারুল খাতুনের ভাষ্যমতে, এলাকার মাসুদ হোসেনের ছেলে মেহেরপুর সরকারি কলেজের ছাত্র নিলয় হোসেনের সঙ্গে ঝিলিকের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের সম্পর্কের বিষয়টি ভালোভাবে নেয়নি নিলয়ের পরিবার। গত শনিবার দুপুরের দিকে নিলয়ের ফুফু হিরা খাতুন তাঁদের বাড়িতে আসেন। হিরা খাতুন ফাতেমাকে শাসিয়ে গালে থাপ্পড় মারেন এবং পরিবারের সদস্যদের অপমানজনক কথাবার্তা বলেন।

গত রোববার সন্ধ্যায় বাড়ির পাশে নানাবাড়িতে শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাতেমা আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর জন্য তিনি হিরা খাতুন ও নিলয়ের পরিবারের সদস্যদের দায়ী করে চিরকুট লিখে গেছেন।

মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হিরাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।