অপমানের প্রতিশোধ নিতে বন্ধুকে খুন!
অপমানের প্রতিশোধ নিতেই বরিশালের বানারীপাড়া উপজেলার বালিপাড়া গ্রামের স্কুলছাত্র ইমরান হোসেনকে (১৫) হত্যা করা হয়েছে। নিহত ইমরানের বন্ধু হেলাল খান (১৫) ইমরানকে কুপিয়ে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।
গতকাল সোমবার হেলালকে বরিশালের কিশোর আদালতে হাজির করা হয়। সেখান থেকে গতকাল তাকে কিশোর সংশোধনাগারে (সেফহোম) পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার পুলিশ জানায়, ১ জুন রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে হেলাল তার বন্ধু ইমরানকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর লাশ খাটের নিচে রেখে দেয়। পরদিন রাতে লাশ তোশকে পেঁচিয়ে ইমরানদের বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। গত শনিবার বেলা ১১টার দিকে পুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে। ওই দিনই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নুরু খান ও হেলাল খান নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। রোববার পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে হেলাল খান। নিহত ইমরানের ভাইয়ের দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে হেলাল পুলিশকে জানায়, ইমরান বিভিন্ন সময় তাকে অপমান করত। ৩০ জুন হেলালের হাতে থাকা একটি আম ইমরান তার পছন্দের একজনকে দেয়। ওই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে বন্ধুকে হত্যার পরিকল্পনা করে। ১ জুন রাতে সে ইমরানের বাড়িতে যায়। সেখানে একসঙ্গে খাবার খেয়ে মুঠোফোনে ভিডিও দেখতে থাকে। এ সময় সে পরিকল্পনা অনুযায়ী পাশে থাকা একটি দা দিয়ে ইমরানের মাথায় কোপ দেয়। এরপর সে লাশ খাটের নিচে রেখে ঘরে তালা দিয়ে চলে যায়। পরদিন রাতে আবার ওই বাড়িতে গিয়ে পাশের ডোবায় লাশটি ফেলে দেয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, হেলাল এলাকায় কিশোর অপরাধী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অপহরণ মামলাও রয়েছে।