ম্যাজিস্ট্রেট ও দুই শিক্ষার্থীর ওপর হামলা
অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি যুবদল কর্মী আজিমের
ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুই এসএসসি পরীক্ষার্থীর ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে যুবদলের কর্মী মোহাম্মদ আজিম ওরফে বোমা আজিম। গতকাল সোমবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় সে।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, গত রোববার বিকেলে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আড্ডাবাড়ি এলাকা থেকে যুবদল কর্মী বোমা আজিমকে সাতটি পেট্রলবোমা এবং একটি ককটেলসহ গ্রেপ্তার করে। গতকাল তাঁকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এতে সে গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ম্যাজিস্ট্রেটের ওপর বোমা হামলার কথা স্বীকার করে। ওই ঘটনায় ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়া চোখে আঘাত পান। এ ছাড়া ৫ জানুয়ারি শহরের ট্রাংক রোডের খেজুর চত্বরে ককটেল হামলায় গুরুতর আহত হয় অনিক ও হৃদয়।
আহত ম্যাজিস্ট্রেট ও দুই শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। চিকৎসার জন্য দুজনকে ইতিমধ্যে ভারতে পাঠানো হয়েছে। এক শিক্ষার্থীকে ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে।