অপরাধ স্বীকার করে শিবির নেতার জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থেকে ২২টি পেট্রলবোমাসহ ককটেল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের নেতা অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত মঙ্গলবার ভোরে হাটহাজারী উপজেলা সদরের শায়েস্তা খাঁ পাড়ার কয়েকটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২২টি পেট্রলবোমা, দুটি ককটেল, ১২০টি চকলেটবোমাসহ শিবিরের সাত নেত-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ওমর ফারুক, মাঈন উদ্দিন, সুজাত হোসেন, মাহমুদুল হাছান, আবদুল মালেক, খায়রুল আমিন ও নজরুল ইসলাম।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল জানান, বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহীদুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা করেছেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, জবানবন্দিতে ওমর ফারুক উপজেলা জামায়াতের নেতাদের নির্দেশে পেট্রলবোমাগুলো সংগ্রহ করতেন বলে উল্লেখ করেন। এসব বোমা নেতাদের নির্দেশ অনুযায়ী উত্তর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। নগরে পুলিশের ধরপাকড় বেড়ে যাওয়ায় মাঝেমধ্যে নগরেও পেট্রলবোমা তৈরির সরঞ্জাম নিয়ে আসতেন তাঁরা।
জবানবন্দিতে গত ২১ জানুয়ারি হাটহাজারী-রাঙামাটি সড়কের ইছাপুর চারাবটতল এলাকায় কাঠবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার কথাও স্বীকার করেন ওমর ফারুক। এসব ঘটনায় জড়িত জামায়াত-শিবির নেতা-কর্মীদের নামও বলেছেন তিনি জবানবন্দিতে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সাত আসামির রিমান্ডের আবেদন করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান আগামী রোববার শুনানির দিন ধার্য রাখেন। এ মামলার আসামি ওমর ফারুক পেট্রলবোমা তৈরি ও সরবরাহের কথা স্বীকার করে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে বিকেলে সাত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় হাটহাজারী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম দাবি করেন, এগুলো সব পুলিশের সাজানো নাটক। যারা পেট্রলবোমা মারছে, বানাচ্ছে, তাদের না ধরে পুলিশ জামায়াত-শিবিরকে হয়রানি করছে।
শিবিরের নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে শহীদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়ার পর ফারুক হয়তো পুলিশের ভয়ে যা যা শিখিয়েছে, তাই বলেছে।’