অপরিকল্পিত বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী থেকে তোলা হচ্ছে বালু l প্রথম আলো
যশোরের মনিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী থেকে তোলা হচ্ছে বালু l প্রথম আলো

যশোরের মনিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তুলে একটি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ ভরাট করা হচ্ছে। এতে নদীর তীর ভাঙার আশঙ্কা করছেন এলাকাবাসী।
গত বুধবার মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের সিংহেরবাগান এলাকায় গিয়ে দেখা যায়, বালু তোলার দুটি যন্ত্রের (ডিজেলচালিত শ্যালো মেশিন) সাহায্যে নদী থেকে বালু তোলা হচ্ছে। এ বালু পাইপের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার দূরের মশিয়াহাটী বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে ফেলা হচ্ছে। বিদ্যালয়টি অভয়নগর উপজেলায় হলেও এর মাঠটি পড়েছে মনিরামপুর উপজেলায়।
বালু তোলার শ্রমিকদের তদারকির দায়িত্বে থাকা ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘নদীর হেলারঘাট এলাকায় ১৬ দিন বালু তুলেছি। কিন্তু খুব একটা বালু ওঠেনি। পরে এখানে এসে পাঁচজন শ্রমিক দিয়ে ১৩ দিন ধরে বালু তুলছি। নদী যাতে না ভাঙে, সে জন্য আমরা তীরের কাছাকাছি এলাকা থেকে বালু তুলছি।’
মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ২০ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে মশিয়াহাটী খেলার মাঠ ভরাটের প্রকল্পটি হাতে নেওয়া হয়। গত ২০ মে থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে ২৮ জুন শেষ হওয়ার কথা। পাঁচ সদস্যের প্রকল্প কমিটির সভাপতি করা হয়েছে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মণ্ডলকে। প্রকল্প কমিটি পরে খুলনার ঠিকাদার শফিউদ্দিন আহমেদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ঠিকাদার ২৬ মে মুক্তেশ্বরী নদীর হেলারঘাট শ্মশানের পাশে বালু তোলার কাজ শুরু করেন। কিন্তু এতে ভাঙনের হুমকিতে পড়ে নদীতীরের হেলারঘাট শ্মশানের পাকা স্থাপনা। এলাকাবাসীর প্রতিবাদের মুখে ১০ জুন সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংহেরবাগান এলাকায় বালু উত্তোলনের যন্ত্র সরিয়ে নেওয়া হয়।
কুলটিয়া গ্রামের মহিতোষ মণ্ডলসহ কয়েকজন বাসিন্দা বলেন, বর্তমানে যেখান থেকে বালু তোলা হচ্ছে, যেকোনো সময় সেখানে নদীর দুই পাড় ভেঙে পড়তে পারে। আর একবার ভাঙন শুরু হলে তা ঠেকানো মুশকিল হবে।
ঠিকাদার শফিউদ্দিন আহমেদ বলেন, ‘মুক্তেশ্বরী নদীর হেলারঘাট এলাকা থেকে আমাকে বালু উত্তোলনের কথা বলা হয়েছিল। সে অনুযায়ী আমি ১২ লাখ টাকা চুক্তিমূল্যে কাজটি শুরু করেছিলাম। কিন্তু এখন নদীর খানিকটা দূরে সরে বালু তুলতে হচ্ছে।’ প্রকল্পের সভাপতি সুকৃতি মণ্ডল বলেন, নদীর বালু দিয়ে মাঠ ভরাট করা যাবে। সেটাই করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘পাশের পুকুর সেচে কিছু মাটি ওই মাঠে ফেলা হয়েছে। পরে নদীর বালু দিয়ে মাঠ ভরাট করা হচ্ছে। কিন্তু নদীর বালু দিয়ে মাঠ ভরাট করা যাবে না। আমরা নিষেধ করব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজের সুবিধার্থে প্রকল্প কমিটির সঙ্গে পরামর্শ করে একজন ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে।
ইউএনও কামরুল হাসান বলেন, আইনত নদীর মাটি কিংবা বালু দিয়ে মাঠ ভরাট করার কোনো সুযোগ নেই।