অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত!
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত করছে বলে অভিযোগ উঠেছে। বিপিসির চেয়ারম্যানের কাছে পাঠানো এক ‘গোপন’ প্রতিবেদনে প্রতিষ্ঠানটির এক পরিচালক এ বিষয়টি তুলে ধরেছেন। এতে পদ্মা অয়েলের বিরুদ্ধে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে অনুসন্ধানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিপিসি সূত্র জানায়, গত ২ আগস্ট বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খানের কাছে ওই প্রতিবেদন পাঠান। এর শিরোনাম, ‘পদ্মা অয়েল কোম্পানি লি. কর্তৃক কনডেনসেট পরিশোধন না করে তা সরাসরি বিপণন এবং সময়মতো বিল না প্রেরণ’।
এতে বলা হয়, বিপিসি ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর অন্যতম লক্ষ্য হচ্ছে সারা দেশে মানসম্মত তরল জ্বালানি সরবরাহ করা। সম্প্রতি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড থেকে পাওয়া বেশ কিছু বিল পরীক্ষা করে দেখা যায়, এই কোম্পানি পেট্রোবাংলার অধীন গ্যাসফিল্ড থেকে কনডেনসেট গ্রহণ করছে। নিয়ম অনুযায়ী ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর তা বিপণন করার কথা। কিন্তু পদ্মা অয়েল কয়েক বছর ধরে তা না করে সরাসরি বাজারজাত করছে।
মীর আলী রেজা তাঁর পাঠানো প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে বিপিসির চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খানের সঙ্গে গত এক সপ্তাহে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি।
যন্ত্র প্রকৌশলীরা জানান, খনি থেকে পাওয়া কনডেনসেট পরিশোধন করে অকটেন, পেট্রল, কেরোসিন, ডিজেলসহ বিভিন্ন শ্রেণির জ্বালানি বের করা হয়। পরে ইঞ্জিনের ধরন অনুযায়ী এসব জ্বালানি ব্যবহৃত হয়।
এ বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক বদিউস সালাম প্রথম আলোকে বলেন, জ্বালানি হিসেবে সরাসরি কনডেনসেট ব্যবহার করা হলে গাড়ির আয়ুষ্কাল কমে যাবে। গাড়ির ইঞ্জিনের ক্ষতি হবে। কনডেনসেট বাজারজাত করা খুব অন্যায় হয়েছে। যারা এ কাজ করেছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত।
পেট্রোবাংলার অধীন গ্যাসফিল্ডগুলো থেকে আহরিত কনডেনসেট সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি এবং ১৩টি বেসরকারি রিফাইনারিতে পরিশোধন করা হয়। এরপর পরিশোধিত তেল বিপিসির নির্দেশনা অনুযায়ী তিনটি বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি দেশে বাজারজাত করে। অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত করার এখতিয়ার পদ্মা, মেঘনা, যমুনাসহ কোনো বেসরকারি রিফাইনারির নেই বলে জানান বিপিসির কর্মকর্তারা ।
অভিযোগের বিষয়ে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়ের বলেন, ‘আমরা কনডেনসেট নিই না। ফিনিশড প্রোডাক্ট (পরিশোধিত) নিই।’
২০১৫ সালের ১ জানুয়ারি থেকে কনডেনসেট আহরণ ও পরিশোধনের ওপর নজরদারি শুরু করে বিপিসি। বেসরকারি ১৩টি রিফাইনারি ও ইস্টার্ন রিফাইনারিতে কী পরিমাণ কনডেনসেট যাচ্ছে তার হিসাব নেওয়া শুরু হয়। পেট্রোবাংলা থেকে আহরিত কনডেনসেট রিফাইনারি প্রতিষ্ঠানগুলো নেবে বলে বিপিসি থেকে নির্দেশনা দেওয়া হয়। কনডেনসেট পরিশোধনের পর তা বিপিসির অধীন তিনটি বিপণন প্রতিষ্ঠানকে দেবে। রিফাইনারি প্রতিষ্ঠান পরিশোধিত জ্বালানি তেলের বিল পরিশোধ করবে বিপিসি। এ নিয়ম চালুর পর পদ্মা অয়েল ২০১৫ সালে ২৪টি চালানে ৭২ লাখ ৬১ হাজার ৮০০ লিটারের কনডেনসেটের বিল বিপিসির কাছে পাঠায়।
এ বিষয়ে বিপিসির পরিচালক (অর্থ) শংকর প্রসাদ দেব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘৭২ লাখ লিটার কনডেনসেট বাজারজাত করে বিপিসির কাছে বিল পাঠায় পদ্মা। কিন্তু পদ্মা, মেঘনা বা যমুনা অয়েল কোম্পানি পরিশোধন ছাড়া কোনো ধরনের জ্বালানি বাজারজাত করতে পারে না। এ ব্যাপারে পদ্মার কাছে ব্যাখ্যা চেয়ে জবাব পাওয়া যায়নি। তাই পদ্মার বিল আটকে দেওয়া হয়েছে।’
কনডেনসেট কেনার এখতিয়ার বিপিসির কোনো বিপণন প্রতিষ্ঠানের নেই বলে জানান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান। তিনি বলেন, ‘কেবল বিপিসির পরিশোধিত জ্বালানি আমরা বাজারজাত করি।’