অপহরণ আতঙ্ক, আছে গুজবও
পাবনার বেড়া বাসস্ট্যান্ডের পাশে সাঁথিয়া উপজেলার করমজা হাটের কাঠপট্টিতে ২৫ আগস্ট অপহরণকারী সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেন এলাকাবাসী। পুলিশের প্রাথমিক তদন্তে ওই তিনজন পেঁয়াজ ও আদার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, অপহরণ আতঙ্কে এলাকাবাসী তিনজনকে পিটিয়ে হত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। এলাকাবাসীও এমনটি মনে করছেন।
করমজা হাটের অবস্থান সাঁথিয়া উপজেলায় হলেও এটি বেড়া পৌরসভার অন্তর্ভুক্ত। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহে উপজেলায় কয়েকটি অপহরণ ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। ১৮ আগস্ট রাত আটটার দিকে বেড়া পৌর এলাকার একটি রাস্তা থেকে এক নারীকে (৩০) অপহরণ করা হয়। ওই নারী একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ১৯ আগস্ট ভোরে তাঁকে আল-হেরা নগরের একটি খেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
২১ আগস্ট পৌর এলাকার সান্ড্যালপাড়া মহল্লার আবদুল মাজেদের ছোট ছেলে আরাফাতকে (৮) অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ২২ আগস্ট বেড়ার স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের একটি জায়গা থেকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। ওই দিনই উপজেলার কইটোলা গ্রাম থেকে আহাম্মদ আলী (২৫) নামের প্রতিবন্ধী এক তরুণ নিখোঁজ হন। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। ২৪ আগস্ট সকালে বেড়া আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র সারাফাত কবির বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। ওই দিন বিকেলে তাকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে উদ্ধার করা হয়।
এদিকে ২৫ আগস্ট বেড়ার জগন্নাথপুর গ্রামের তিন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুরা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ঘটনার দিন খাবারের বিরতির সময় (টিফিন) স্কুল থেকে ছুটি নিয়ে তারা ফুপুর বাড়ি কাশীনাথপুরের উদ্দেশে রওনা হয়। বেড়া বাসস্ট্যান্ডে এসে তারা বুঝতে পারে তারা ভুল পথে যাচ্ছে। একপর্যায়ে তারা কান্নাকাটি শুরু করে।
এরপর লোকজন তাদের পাবনাগামী বাসে তুলে দেন। মুঠোফোনের মাধ্যমে এ খবরটি শিশুর অভিভাবকসহ এলাকাবাসী জানতে পারেন। এরপর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে অপহরণকারীদের কবল থেকে তিন শিশুকে উদ্ধার করে নিয়ে
আসা হচ্ছে। যখন বাসটি বেড়া বাসস্ট্যান্ডে পৌঁছে তখন সেখানে কয়েক হাজার মানুষ অপেক্ষা করছিল। পুলিশ কোনোরকমে পরিস্থিতি সামাল দেয়।
এ ছাড়া প্রায়ই এ রকমের গুজব এলাকায় ছড়িয়ে পড়ছে। এলাকাবাসীর আতঙ্ক আরও বেড়ে যাচ্ছে। এ অবস্থায় কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অভিভাবকদের নিজ নিজ শিশুকে স্কুলে পৌঁছে দিতে এবং ছুটির পর নিয়ে যেতে পরামর্শ দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া মৈত্রবাঁধা মহল্লার দুজন অভিভাবক জানান, তাঁদের দুই মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। অপহরণ আতঙ্কে তাঁরা কয়েক দিন মেয়েদের প্রাইভেট পড়তে যাওয়া বন্ধ রেখেছিলেন। কিন্তু সামনে জেএসসি পরীক্ষা থাকায় এখন তাঁরা প্রাইভেট পড়ানোর জন্য নিজেরাই মেয়েদের নিয়ে যাচ্ছেন এবং পড়া শেষ হওয়ার পর নিয়ে আসছেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘গত কয়েক দিনের ঘটনার মধ্যে অপহরণের ঘটনা মূলত একটি। এলাকায় পুলিশের নজরদারির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। কমিউনিটি পুলিশিং জোরদার করেছি। কাজেই এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ তিনি এলাকাবাসীকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন।