অপহরণ করে মুক্তিপণ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে গত এক মাসে কমপক্ষে ৩০ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছে। বনদস্যুদের ভয়ে জেলেরা এখন সুন্দরবনে ঢোকার সাহস পাচ্ছেন না।
সাতক্ষীরার সুন্দরবনঘেঁষা হরিনগর, কদমতলা, কৈখালী, সিংহড়তলী এলাকা ঘুরে জেলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনদস্যু নূর হোসেন ওরফে রবিউল ও জনাব বাহিনীর অত্যাচারে সুন্দরবনের জেলেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। গত ২৪ ও ২৫ অক্টোবর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের চালতেবেড়ে এলাকা থেকে অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে দাবি করে বনদস্যুরা। জেলেরা ১০-১৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাকি টাকা পরে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে তাঁরা টাকা না দেওয়ায় বনদস্যুরা হুমকি-ধমকি দিচ্ছে সুন্দরবনে ঢুকলেই হত্যা করার। ফলে অনেকেই সুন্দরবনে ঢোকার সাহস পাচ্ছেন না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে বলেন, সুন্দরবনসংলগ্ন সিংহড়তলী গ্রামের নূরজ্জামান গাজী, লুৎফর শেখ, নূর হোসেন শেখ, বাবু গাজী, রফিবুল গাজী, জাহাঙ্গীর গাইন, সবুর ফকির, আবুল ফকির, আবুল হোসেন; চুনকুড়ি গ্রামের আবদুর ছাত্তার গাজী, কওসার গাজী, হৃদয় মণ্ডল, ফণীন্দ্র সরকার, নূর হোসেন, অলিয়ার রহমানসহ ৩০ জন জেলে ১০-১৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ৩০ অক্টোবর ফিরে এসেছেন। সিংহড়তলী গ্রামের ফারুক হোসেনকে ২২ অক্টোবর ৪০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে চুনকুড়ি এলাকা থেকে জনাব বাহিনী অপহরণ করে। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত তিনি বাড়ি ফিরে আসেননি।
সিংহড়তলী গ্রামের মাজেদ মোড়ল জানান, তাঁরা কয়েকজন সুন্দরবনের কদমতলা স্টেশন থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে ৪ অক্টোবর সুন্দরবনে যান। তাঁকে ৫ অক্টোবর নূর হোসেন বাহিনী চালতেবেড়ে এলাকা থেকে অপহরণ করে। পরে তাঁর কাছে মুক্তিপণ বাবদ ৩০ হাজার দাবি করা হয়। বাড়ি ফিরে ১৫ হাজার টাকা পরিশোধ করবেন—এই শর্তে ১৫ হাজার টাকা দিলে ১১ অক্টোবর তাঁকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তিনি বাকি টাকা না দেওয়ায় বনে যেতে পারছেন না। বনে গেলে তাঁকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক জানান, সুন্দরবনে বনদস্যু বা জলদস্যুদের উৎপাত রয়েছে। অপহৃত জেলেদের স্বজনেরা তাঁদের বিষয়টি জানান না। সমঝোতা করে দাবি করা টাকা দিয়ে ফিরে আসেন।
সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কোস্টগার্ড, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা মিলে একটি অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছে।