অপহরণ চক্রের মূল হোতা বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে একটি চক্র। চক্রটির মূল হোতাকে শনাক্ত করেছে র‍্যাব। তিনি একজন বাংলাদেশি, নাম মিরাজ হাওলাদার।

র‍্যাবের তৎপরতায় লিবিয়ার বন্দিশালা থেকে তিন মাসে ৩৫ জন বাংলাদেশি শ্রমিক মুক্তি পেয়েছেন। তবে দেশটিতে এখনো অপহরণকারীদের কাছে জিম্মি রয়েছেন আরও অর্ধশত বাংলাদেশি।

র‍্যাব সূত্রে জানা গেছে, তিন মাস ধরে মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। তাঁদের ভাষ্যমতে, লিবিয়া থেকে বাংলাদেশি শ্রমিকদের স্বজনদের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হতো। বলা হতো, সেখানে প্রবাসী বাংলাদেশিরা অপহরণের শিকার হয়েছেন। তাঁদের মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দরকার। অনেককে আবার সাগর পাড়ি দিয়ে ইতালি নিয়ে যাওয়ার নাম করে লিবিয়ার বন্দিশালায় আটকে রাখা হতো। মুক্তিপণ আদায়ে বন্দী শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হতো। পরে স্বজনদের কাছে নির্যাতনের ভিডিওচিত্র, ছবি ও অডিও পাঠানো হতো। এভাবে অপহরণ চক্রের বাংলাদেশে অবস্থানরত সদস্যদের মাধ্যমে লাখ লাখ টাকা আদায় করা হতো।

অপহরণ চক্রের মূল হোতা মিরাজ হাওলাদার। বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকায়। তিনি বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। মিরাজের স্ত্রী ময়না, তাঁর বাবাসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কিন্তু মিরাজকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

র‍্যাব-৮ বরিশাল হেডকোয়ার্টারের উপ-অধিনায়ক মেজর মো. রাকিবউজ্জামান বলেন, ‘লিবিয়াতে এ পর্যন্ত আমরা যতগুলো অপহরণকারী চক্রের সন্ধান পেয়েছি, তাদের মধ্যে মূল নেতা মিরাজ। তাঁর সঙ্গে যেসব লিবীয় সদস্য রয়েছেন, তাঁদের নাম আমরা জানতে পারিনি। তবে এই চক্রের যেসব সদস্য বাংলাদেশে বসে মুক্তিপণের টাকা আদায় করছেন, তাঁদের মধ্যে ১২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। তা ছাড়া ১৮ লাখ টাকা, ৫৯টি সিমকার্ড ও ২৯টি মুঠোফোন সেট জব্দ করেছি। অন্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। মিরাজ ও তাঁর লিবীয় সহযোগীদের ধরতে আমরা লিবিয়ার হাইকমিশনের সঙ্গে একযোগে কাজ করছি।’

মেজর রাকিবউজ্জামান আরও বলেন, ‘তিন মাসে আমরা লিবিয়ার বন্দিশালা থেকে সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, নড়াইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, বরিশাল ও শরীয়তপুরের ৩৫ জনকে মুক্ত করতে সক্ষম হয়েছি। ওই বন্দিশালায় আরও অর্ধশত বাংলাদেশি বন্দী রয়েছেন। তাঁদের মুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।’

লিবিয়ায় বাংলাদেশি হাইকমিশনের লেবার কাউন্সিলর মো. আশরাফুল ইসলাম বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলি ছাড়া আর কোথাও কোনো বৈধ পুলিশ নেই। এই সুযোগে বেশ কয়েকটি চক্র অপহরণ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাঁদের কাছে এ পর্যন্ত ৫০টির বেশি অভিযোগ এসেছে। খুব শিগগির অন্য বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করা হবে।

দুই ভুক্তভোগীর বর্ণনা

মাগুরার মহম্মদপুর থানার নারায়ণপুর গ্রামের ফকির মুঠোফোনে বলেন, ‘চার বছর আগে কামাল নামের এক দালালের হাত ধরে লিবিয়ায় আসি। এসে পাইপের কাজ পাই। মোটামুটি ভালোই ছিলাম। হঠাৎ লিবিয়ার রাজনৈতিক অবস্থা খারাপ হলে মিরাজ নামের একজন আমাদের ইতালি নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। আমরাও রাজি হই। পরে আমাদের ইতালি না নিয়ে সাগরপাড়ের একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। ছয় মাসের বেশি বন্দিশালায় ছিলাম আমরা ১১০ জন বাংলাদেশি। হাত-পা শিকল দিয়ে বেঁধে রাখা হতো। পানি চাইলে দিত না। তিন দিন পর পর একবেলা রুটি খেতে দিত। ছয় মাসে এক দিনও ভাত খাইনি। দালালরা বলত, তোদের বাড়ি থেকে টাকা পাঠাতে বল, না হলে তোদের অবস্থা আরও করুণ হবে। আমাদের নির্যাতন করে ছবি তুলে ও ভিডিওচিত্র ধারণ করে আমাদের স্বজনদের কাছে পাঠাত। আমার বাড়ির জায়গা-জমি বিক্রি করে বিকাশের মাধ্যমে এ পর্যন্ত প্রায় তিন লাখ টাকা দিয়ে মুক্তি পেয়েছি।’

কুষ্টিয়ার রহমত আলী বলেন, ‘তিন লাখ টাকা খরচ করে লিবিয়াতে এসেছিলাম। আসার কয়েক দিন পরই মিরাজের দলবলের হাতে জিম্মি হই। চার মাস বন্দী ছিলাম। ভয়ংকর নির্যাতন চালাত। আমি সহ্য করতে না পেরে অধৈর্য হয়ে বলেছিলাম, এত যন্ত্রণা দেওয়ার চেয়ে আমাকে তোরা মেরে ফেল। কিন্তু মিরাজ বলত, তোদের মারলে তো টাকা আসবে না। তাই তোদের বাঁচিয়ে রেখে টাকা আনব। আমার স্বজনদের কাছ থেকে মিরাজ তিন দফায় চার লাখের বেশি টাকা আদায় করেছে। এরপর মুক্তি পেয়েছি।’