অপহরণ চক্রের ১১ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষকে অপহরণ ও পরে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১১ জনকে আটক করেছে র্যাব। নবীনগর ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ২০ জুলাই খিলগাঁও কমিউনিটি সেন্টারের পাশ থেকে ওয়াজিউল ইসলাম (৬১) নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে—এমন অভিযোগের তদন্ত করতে গিয়ে খিলগাঁওয়ের পশ্চিম মেরাদিয়া থেকে গত বুধবার সিরাজ উদ্দীন (৫৭) ও আফতাব উদ্দীনকে আটক করা হয়। পরে এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার রামপুরা এলাকা থেকে অপহরণ চক্রের আরও নয়জনকে আটক করা হয়। তাঁরা হলেন জাহাঙ্গীর (৪৫), মো. শরীফ (৩৫), মিন্টু মিয়া (৪৬), বাচ্চু মিয়া (৪৫), তমিজ উদ্দিন (৪৮), হোসনে আরা বেগম (৪৫), আসমা বেগম (২০), শারমীন আক্তার (১৮) ও আকাশ চৌধুরী (৩২)।
এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন মডেলের ১৫টি মোবাইল ফোন সেট, ২২টি সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, চারটি জাতীয় পরিচয়পত্র, দুটি ভুয়া সাংবাদিকতার পরিচয়পত্র, সাতটি চেক বই ও মুক্তিপণের ৪৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা বিভিন্ন কৌশলে নিরীহ মানুষকে জিম্মি করে একটি ফ্ল্যাট বাড়িতে আটক করেন। পরবর্তী সময়ে হত্যার হুমকি দিয়ে আত্মীয়স্বজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করেন বলে র্যাব জানিয়েছে।
ওয়াজিউল ইসলামের অপহরণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ জুলাই সকাল সাড়ে সাতটার দিকে তিনি কুমিল্লা থেকে ঢাকায় আসেন। ওই দিন মালিবাগ সুপার মার্কেটে ব্যক্তিগত কাজ শেষে রিকশা করে তাঁর ভাতিজির বাসায় যাচ্ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে খিলগাঁও কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে ৮ থেকে ১০ জন ব্যক্তি তাঁর রিকশার গতিরোধ করে তাঁকে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চোখ-মুখ বেঁধে ফেলেন। পরে তাঁকে একটি ফ্ল্যাট বাড়িতে নিয়ে আটক ও নির্যাতন করেন এবং তাঁর স্ত্রীর মুঠোফোনে ফোন দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন। ওয়াজিউলের মেয়ের জামাই বিষয়টি র্যাব-৩ কে জানালে র্যাব-৩-এর মেজর ফাহিমের নেতৃত্বে একটি দল এ বিষয়ে তথ্য সংগ্রহ করে। একপর্যায়ে আটক ১১ জন অপহরণের সঙ্গে যুক্ত থাকার তথ্য পান। এর আগে এই চক্র আরও দুজন ইমরুল আহসান ও শাহজাহানকে অপহরণ করে যথাক্রমে ৪০ ও ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।