অপহরণ ধর্ষণ বিয়ে অতঃপর...
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি যৌতুকের টাকা না পেয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে স্বামী, শ্বশুর, শাশুড়ি মিলে মৌসুমী আখতার নামের এক নববধূর চুল কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার রাতে বদরগঞ্জ থানায় ওই নববধূর মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মৌসুমী আখতার স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। গত ৫ মার্চ বিকেলে বিদ্যালয় ছুটির পর ফেরার পথে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে একই গ্রামের গোলাম মোস্তফা (২৫) কৌশলে তাঁকে অপহরণ করেন। এরপর রংপুর শহরের বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন। একপর্যায়ে মিথ্যা কাবিননামায় স্বাক্ষর নিয়ে মৌলভি ডেকে বিয়ে করেন মৌসুমীকে।
মামলায় আরও বলা হয়, বিয়ের পর থেকে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিলেন গোলাম মোস্তফা। গত শুক্রবার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা এনে দিতে মৌসুমীকে চাপ দেন মোস্তফা ও তাঁর পরিবার। কিন্তু মৌসুমী অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মোস্তফা, তাঁর বাবা নুর ইসলাম ও মা গোলেজা বেগম মিলে মৌসুমীকে মারধর করে একপর্যায়ে কাঁচি দিয়ে নববধূর চুল কেটে ঘরে আটকে রাখেন। এ অবস্থায় গত রোববার দুপুরে সুযোগ বুঝে মৌসুমী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে পালিয়ে আসেন।
মেয়েটির বাবা আবদুল ফাত্তার অভিযোগ করেন, ‘মুই গরিব মানুষ। ওঁরা (মোস্তফা ও তাঁর বাবা-মা) বড়লোক। বেটিক অপহরণ করি নিয়া যাবার পর ভয়োত তখন থানাত মামলা দেও নাই। ওঁরা মোর বেটির জেবন শ্যাষ করি দেছে। মুই ওমার বিচার চাও।’
গতকাল মঙ্গলবার দুপুরে অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে গোলাম মোস্তফার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরগুলোতে তালা ঝুলতে দেখা যায়। প্রতিবেশীরা জানান, গত সোমবার সকালে তাঁরা বাড়ি ছেড়ে চলে গেছেন।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ মিয়া জানান, ওই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
মৌসুমী অভিযোগ করেন, ‘আমি গোলাম মোস্তফাকে বিয়ে করতে চাইনি। কিন্তু আমাকে তুলে নিয়ে যাওয়ার পর সে যখন আমার ক্ষতি করেছে এবং এলাকায় এ কথা ছড়িয়ে পড়ে তখন অনিচ্ছা সত্ত্বেও তাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু বিয়ে করে ঘরে তোলার পর থেকে গোলাম মোস্তফা বেপরোয়া হয়ে ওঠে। সে নেশা করত তা জানতাম না। বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য আমাকে চাপ দিত। এ কারণে প্রায় সময় আমাকে মারধর করত। তার সঙ্গে আমার শ্বশুর-শাশুড়িও যোগ দিত।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘যৌতুকের টাকা না আনায় আমার মাথার চুল কাঁচি দিয়ে তারা কেটে দিছে।’
মুসলিমপাড়া গ্রামের শওকত হোসেন বলেন, ‘গোলাম মোস্তফা অবুঝ মেয়েটাকে যেভাবে নির্যাতন করেছে, তা মেনে নেওয়া যায় না। তার শাস্তি হওয়া উচিত।’
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। থানায় মামলা হয়েছে। তাই এটার সমাধান আইনের প্রক্রিয়ায় হওয়া উচিত।’