
ঢাকার ধামরাইয়ের দুই স্কুলছাত্রকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল বলে জানিয়েছে তাদের পরিবার। কিন্তু দুজনের পরিবারই আর্থিকভাবে বেশ অসচ্ছল। এ কারণে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কেউ তাদের অপহরণ বা হত্যা করতে পারে—এমন ধারণা করতে পারছে না পরিবার দুটি।
আবার লাশ উদ্ধারের পর এক দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারেনি পুলিশ। এ কারণে নিহত শিশুদের পরিবার মনে করছে, এটি নেশাগ্রস্তদের কাজ হতে পারে। কেননা, লাশ দুটির কাছাকাছি তাস, সিগারেটের প্যাকেট, ইয়াবা বড়ি, ইয়াবা সেবনের সামগ্রীসহ একটি ব্লেড আর টিসু পেপার পাওয়া গেছে। এই সন্দেহ উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সঙ্গে এটিও খতিয়ে দেখছে, নিহত শিশুদের কাছের কেউ এ ঘটনায় জড়িত কি না।
গত শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের একটি লেবুখেত থেকে উদ্ধার করা হয় শাকিল (১০) ও ইমরান (১০) নামের দুই ছাত্রের গলা কাটা লাশ। দুজনের বাড়ি পাশের চরচৌহাট গ্রামে। তবে গ্রামটি ঢাকার ধামরাই উপজেলার মধ্যে। শাকিলের বাবা দেলোয়ার হোসেন ও ইমরানের বাবা আবু বক্কর দুজনই ইরাকপ্রবাসী। শাকিল ও ইমরান দুজনই গ্রামের একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গত বুধবার দুপুরে মির্জাপুরের হাড়িয়া উচ্চবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তারা নিখোঁজ ছিল।
গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকালে মির্জাপুর থানায় পৌঁছে আহাজারি করছিলেন শাকিলের মা জোসনা বেগম ও ইমরানের বোন মিনু বেগম। জোসনা বেগম বলছিলেন, ‘শাকিল অনুষ্ঠানে যাওনের সময় কইল, মা ১০ টাকা দাও না। কইলাম, আমার কাছে তো ন্যাই বাবা। হে আবার কইল, ত্যাইলে পাঁচ টাকা দাও। কইলাম তাও ন্যাইরে বাবা। তহন ইমরান কইল আয়, টাকা লাগব না। ওই কথা কওনের পর দুজন বাড়ি থিকা বের অইল। যাওনের সময় কইলাম, তোমার বোনের বাড়ি থিকা গুইর্যা আইও। হেই যে বের অইল, ওই দিন আর আইল না। পুলারে দেখলাম দুই দিন পর। কিন্তু গলা কাটা লাশ।’
ধামরাইয়ের চরচৌহাট গ্রামে গিয়ে দেখা যায়, ইমরানদের বসবাসের জন্য এক টুকরা জমির ওপর ছোট একটি দোচালা টিনের ঘর। ওই ঘরের বারান্দায় বসেই বিলাপ করছেন ইমরানের মা সুফিয়া বেগম। তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন প্রতিবেশী ও স্বজনেরা। সুফিয়া বেগম বলেন, অভাবের তাড়নায় ধারদেনা করে তাঁর স্বামী কাজের জন্য ইরাকে যান। দেড় বছর ধরে তাঁর স্বামী বেতন না পাওয়ায় দেশে কোনো টাকা পাঠাতে পারছেন না। এরপর থেকে ইমরান আর দুই মেয়েসহ তাঁদের চার সদস্যের পরিবারটি চলছে স্বজনদের সহায়তায়। এ অবস্থায় মুক্তিপণের জন্য কেউ তাঁর ছেলেকে অপহরণ করতে পারে, এটা তাঁর বিশ্বাস হয় না।
শাকিলের পরিবারের অবস্থাও একই। তার বাবা দেলোয়ার হোসেনও ধারদেনা করে আবু বক্করের সঙ্গেই কাজের সন্ধানে ইরাকে যান। তিনিও দেড় বছর ধরে দেশে কোনো টাকা পাঠান না। তাই ওই পরিবারটিতেও অভাব-অনটন লেগেই রয়েছে। এ অবস্থায় টাকার জন্য শাকিলকে কেউ অপহরণ করতে পারে, এটা বিশ্বাস করতে চান না তার পরিবারের সদস্যরা।
শাকিলের বড় ভাই রবিন বলেন, পাশের এলাকার মাদকাসক্ত অনেকেই মোড়ভাঙ্গা এলাকায় এসে জুয়া খেলে আর নেশা করে। তাদের কেউ হয়তো সুযোগ পেয়ে ইমরান ও শাকিলকে টাকার জন্য আটকে রাখতে পারে। পরে বিষয়টি ফাঁস হয়ে পড়তে পারে ভেবে তাদের হত্যা করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, চরচৌহাটে প্রচুর মাদকসেবী ও জুয়াড়ি আছে। টাকার জন্য তারাই হয়তো অপহরণ করেছিল, পরে ঝামেলা বুঝে হত্যা করে থাকতে পারে। আবার পরিবার দুটির কাছের কোনো লোকজনও এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পরে। এ দুটি বিষয় সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহত শাকিলের মা জোসনা বেগম বাদী হয়ে গতকাল বিকেলে মির্জাপুর থানায় মামলা করেছেন।