অপহরণ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়তুল তানজিন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার একটি মেসে থাকেন। তাঁর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে। বাবা মারা গেছেন অনেক আগে। মা পাবনায় তাঁর মামার বাড়িতে থাকেন। এইচএসসিতে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৭৭ পাওয়ার পর কুষ্টিয়া চলে আসেন তানজিন। কিন্তু টাকার অভাবে পড়তে না পেরে শহরের একটি প্রতিষ্ঠানে আট হাজার টাকা বেতনে গ্রাফিকসের কাজ নেন।
গত মঙ্গলবার রাতে হঠাৎ করে তানজিন নিখোঁজ হন। পরে তিনি তাঁর প্রতিষ্ঠানে ফোন করে জানান, তিনি অপহৃত হয়েছেন। মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা লাগবে। পরদিন সকালে তিনি ফিরে আসেন। এরপর কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশকে তিনি জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল। কিন্তু তাঁর কাছে থাকা টাকা দিয়ে তিনি ফিরে এসেছেন।
পরে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। গত রোববার বিকেলে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ তানজিনকে আটক করে তাঁদের কার্যালয়ে নিয়ে আসে।
গোয়েন্দা কার্যালয়ে তানজিন জানান, মেসে দুই মাসের থাকা ও খাওয়া খরচ বাকি পড়েছিল। এ জন্য তাঁকে মেসে থাকতে ও খেতে দেওয়া হচ্ছিল না। উপায়ান্তর না পেয়ে তিনি অপহরণের নাটক সাজিয়ে মেসে সহমর্মিতা সৃষ্টি করেছিলেন।