অপহরণ নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেছেন জাপা নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেনকে (৪০) পুলিশ খুঁজে পেয়েছে। ওই দিন রাতেই তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমগীরের ভাষ্য, গত ১৩ নভেম্বর সখীপুর থেকে দুর্বৃত্তরা তাঁকে মাইক্রোবাসে করে তুলে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে নিয়ে যায়। সেখানে তাঁকে ২৩ দিন আটকে রাখা হয়। পুলিশের দাবি, আলমগীর তাঁর সাবেক স্ত্রী ও সন্তানকে ফাঁসাতে অপহরণের নাটক সাজিয়েছেন।
১৩ নভেম্বর আলমগীর নিখোঁজ হওয়ার পর তাঁর বড় বোন নূরজাহান বেগম ১৬ নভেম্বর সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৭ নভেম্বর অপহরণের অভিযোগে আলমগীরের সাবেক স্ত্রী ও ছেলের বিরুদ্ধে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন তাঁর (আলমগীর) বাবা।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, স্ত্রী ও ছেলেদের সঙ্গে বনিবনা না হওয়ায় ছয় মাস আগে আলমগীর তাঁর স্ত্রীকে তালাক দেন। এরপর সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে আলমগীরকে তাড়িয়ে দেন তাঁর স্ত্রী ও সন্তানেরা। তারপর থেকে আলমগীর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুরে তাঁর বোনের বাসায় অবস্থান নেন। ১৩ নভেম্বর আলমগীর তাঁর বোনের বাসা থেকে অন্যত্র চলে গিয়ে নিখোঁজের নাটক সাজান। পরে আলমগীরের বাবা মজিবর রহমান অপহরণের অভিযোগে আলমগীরের সাবেক স্ত্রী লিলি আক্তার ও তাঁর ছেলে নিক্সন হোসেনকে আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা করেন।
গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমার সাবেক স্ত্রীর লোকজন আমাকে অপহরণ করে ২৩ দিন আটকে রাখে। সেখানে আমাকে শুধু কলা আর রুটি খেতে দেওয়া হয়।’ অপহরণকারীরা তাঁর সখীপুর ও নলুয়ার বাসাসহ অন্য জমি লিখে নেওয়ার চেষ্টা করে। তবে তিনি লিখে দেননি।
অপহরণ মামলার আসামি আলমগীরের সাবেক স্ত্রী লিলি আক্তার বলেন, ‘আলমগীর এর আগেও কয়েকবার আত্মগোপনে থেকে অপহৃত হওয়ার অভিনয় করেছেন। আমাকে ও ছেলেকে ফাঁসানোর জন্যই আলমগীর পরিকল্পিতভাবে এ নাটক করছেন। পুলিশ দিয়ে ২৩ দিন হয়রানি করার জন্য আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
সখীপুর থানার ওসি বজলুর রশীদ বলেন, ‘আলমগীর হোসেন মূলত টাউট প্রকৃতির লোক। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন।’