অপহরণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি, জিডি
লালমনিরহাট সদর উপজেলায় এক ছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছেন আসামিরা। এ হুমকির ঘটনায় বাদী পরিবারের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই ছাত্রীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বড়বাড়ী ইউনিয়নের এক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী (১৪) গত ১৫ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন তরুণ তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবা মেয়েকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা তুলে নিতে বাদীর পরিবারকে বারবার হুমকি দিচ্ছে আসামিরা। ওই হুমকির ঘটনায় মামলার বাদী গতকাল দুপুরে থানায় একটি জিডি করেছেন।
এর আগেও আসামিদের হুমকির ঘটনায় ৩০ মার্চ সকালে আরও একটি জিডি করা হয়েছিল।
ওই ছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আসামির ঘর (আসামিরা) হামার বাড়িত আসি হুমকি দিবার নাগছে, মামলা না তুললে হামার নাকি আরও ক্ষতি হইবে, বেটিক তো এলাও (এখনো) পাইলাম না, ওমরা কয় (আসামিরা) আগত (আগে) মামলা তোলেন, পরে বেটিক ফেরত দেওয়ার কথা ভাবা যাইবে। দেশত কি বিচার নাই বাহে?
এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, অপহরণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে আসামিরা হুমকি দেওয়ায় থানায় ইতিমধ্যে থানায় দুটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।