অপহরণ মামলায় দুই পুলিশসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের জন্য অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের কদর উদ্দিন ভূঁইয়ার ছেলে জাকির হোসেন গত সোমবার সদর থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম (৪০), কনস্টেবল শরীফুল ইসলাম (৪২) এবং সদর উপজেলার বেতবাড়িয়া এলাকার আল আমিন মিয়ার স্ত্রী আঁখি আক্তার (২৮)। এএসআই রফিকুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলকনগর থানার রফিক উদ্দিনের ছেলে। শরীফুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার চকচকা গ্রামের মৃত ফারাজ উদ্দিন সরকারের ছেলে।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-সংলগ্ন মসজিদ রোডের পূবালী ব্যাংকের সামনে জাকির হোসেন অবস্থান করছিলেন। এ সময় সেখানে জাকিরের শরীরের সঙ্গে আঁখি আক্তারের ধাক্কা লাগে। এ সময় আঁখি অসুস্থতার ভান করে মা-বোনের দোহায় দিয়ে জাকিরের সাহায্য চান। পরে আঁখিকে তাঁর বাসায় পৌঁছে দিতে রিকশায় করে জেলা শহরের কাজিপাড়া এলাকায় যান জাকির। আঁখির বাসায় প্রবেশ করা মাত্রই সেখানে আগে থেকে ওত পেতে থাকা সদর থানার এএসআই রফিকুল ইসলাম ও কনস্টেবল শরীফুল ইসলাম জাকিরকে অপহরণ করেন। এ সময় তাঁরা জাকিরের চোখ বেঁধে ফেলেন এবং তাঁর পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর তাঁরা জাকিরের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য জাকিরকে চাপ দেন তাঁরা। জাকিরের ওপর তাঁরা নির্যাতন চালান।

নির্যাতনের একপর্যায়ে জাকির নিজের দুটি ও অপহরণকারীদের তিনটি বিকাশ নম্বরে জরুরি ভিত্তিতে টাকা পাঠাতে স্বজনদের অনুরোধ জানান। স্বজনেরা জাকিরের কথামতো পাঁচ দফায় বিকাশ নম্বরগুলোতে ৯৩ হাজার টাকা পাঠান। সর্বশেষ ১০ হাজার টাকা দেওয়ার সময় অপহরণকারীদের অবস্থান জানতে চান উজ্জ্বল মিয়া নামের জাকিরের এক স্বজন। এ সময় অপহরণকারীরা তাঁদের অবস্থান সম্পর্কে কিছু বলতে রাজি হয়নি। এতে উজ্জ্বলের সন্দেহ হয়। পরে উজ্জ্বলসহ জাকিরের অন্য স্বজনেরা বিষয়টি সদর থানা-পুলিশকে জানায়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ জানতে পারে সর্বশেষ টাকা পাঠানো বিকাশ নম্বরটি জেলা শহরের মধ্যপাড়ার ‘মা জেনারেল স্টোর অ্যান্ড টেলিকম’-‍এর। এরপর সদর থানা-পুলিশ ওই দোকানের বিকাশের এজেন্টকে টাকা না দিতে এবং বিষয়টি অপহরণকারীদের না জানানোর নির্দেশ দেয়। কিন্তু বিকাশের এজেন্ট বিষয়টি অপহরণকারীদের জানিয়ে দেন।

অপহরণের শিকার জাকির হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর অপহরণকারী দুই পুলিশ সদস্য ও ওই নারী আমাকে বেধড়ক মারধর করেন। পরে তাঁরা চোখ বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে জেলা শহরের পুনিয়াউট এলাকায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর আমি দুই স্বজনকে সঙ্গে নিয়ে পুরো ঘটনাটি সদর থানা-পুলিশকে জানাই। পরে বিকাশ নম্বর ব্যবহারকারী বিল্লাল নামের এক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে এএসআই রফিকুল, কনস্টেবল শরীফুল ও আঁখিকে গ্রেপ্তার করে পুলিশ। বিকাশের মাধ্যমে পাঠানো সব টাকা উদ্ধার করেছে পুলিশ।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন প্রথম আলোকে বলেন, দুই পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।