নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড় পূর্বপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব। এ ছাড়া এ ঘটনায় জড়িত অপহরণ চক্রের প্রধানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক পাঁচজন হলেন সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার শিউলি বেগম, ঢাকার কদমতলী থানার দনিয়া এলাকার নাসিমা আক্তার, ভুঁইগড় পূর্বপাড়া এলাকার নাসিমা বেগম, ভুঁইগড় মাহমুদপুর এলাকার মোমতাজ বেগম ও কড়ইতলা এলাকার মো. জসীম মিয়া। উদ্ধার করা দুই ব্যবসায়ী হলেন কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকার হুমায়ুন কবির ও দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার শাহজালাল।
গতকাল রাত আটটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, শিউলি ও নাছিমা গত রোববার মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে হুমায়ুন ও শাহজালালকে ফতুল্লার ভুঁইগড় পূর্বপাড়া এলাকায় ডেকে আনেন। একপর্যায়ে কৌশলে তাঁরা তাঁদের মমতাজের নিজের বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে আটকে রাখেন। পরে চক্রটি আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে ওই দুই ব্যবসায়ীর স্বজনদের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর পর আরও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
র্যাবের প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ব্যবসায়ী হুমায়ুনের ব্যবসায়িক অংশীদার জসীম উদ্দিন র্যাব-১১ এর কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল দুই ব্যবসায়ীকে উদ্ধার করে। এ ছাড়া অপহরণকারী চক্রের প্রধান শিউলিসহ পাঁচজনকে আটক করে।