অপহরণকারী চক্রের হোতাসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে তাঁদের প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নূর আলম ওরফে রবিন (৩০), আবুল বাশার বাদশা, মো. মিলন ও নজরুল ইসলাম।
এই চক্রটির হাতে সর্বশেষ অপহৃত হয় নগরের পাঠানতলীর কারিগরি প্রশিক্ষণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মশিউর আলী (১৫)। মশিউরের মা সোমা বেগম বলেন, তাঁর ছেলে গত ৩ ডিসেম্বর কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিল। পথে রাত সাড়ে আটটায় ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ বাবদ মুঠোফোনে তিন লাখ টাকা দাবি করা হয়। রাত ১১টায় তিনি অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠালে আবারও ফোন করে অবশিষ্ট দুই লাখ ৯০ হাজার টাকা নিয়ে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করতে বলে। অন্যথায় মশিউরকে মেরে ফেলার হুমকি দেয়।
সোমা বেগম আরও বলেন, বাকি টাকা নিয়ে ৩ ডিসেম্বর রাত চারটায় নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকার রিজিয়া ক্লিনিকের সামনে গেলে অপহরণকারীরা তাঁর গলায় ছুরি ধরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা মশিউরকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৪ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করতে গেলে অপহরণকারীদের একজন আবুল বাশারকে থানার গেটের সামনে ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ আবুল বাশারকে আটক ও জিজ্ঞাসাবাদ করে অপহরণকারী চক্রের সন্ধান পায়। এরপর পুলিশ গতকাল রাত পর্যন্ত নানা জায়গায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মশিউরের মা ৫ ডিসেম্বর রাতে থানায় একটি মামলা করেছেন। মামলায় নয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে পাঁচজন পলাতক আছেন।
থানার ওসি আবদুল মালেক বলেন, নূর আলম রবিনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। নূর আলম একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে পথচারী, রিকশা আরোহীদের অপহরণ করে শহরের জিমখানা, নিতাইগঞ্জ, বাবুরাইল, ডিআইটি বাণিজ্যিক এলাকায় আটকে রেখে মুক্তিপণ আদায় করতেন। এই চক্রে দুজন নারীও আছেন।