অপহরণকারী চক্রের হোতাসহ গ্রেপ্তার ৬
ঢাকা ও নারায়ণগঞ্জে গত বুধবার অভিযান চালিয়ে শিশু অপহরণকারী ও মানবপাচার চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে চক্রের হোতা জাকিরও আছেন। চক্রটির কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার করা অন্য ব্যক্তিরা হলেন অপহরণ চক্রের মূল হোতা জাকিরের স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছা, মো. টিটু (২৯), মোহাম্মদ হোসেন সাগর ওরফে বেলু ওরফে দেলু (২২), জেসমিন বেগম (৩৭) এবং আসলাম ওরফে আলামিন (২৮)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এসব কথা বলেন।
মুফতি মাহমুদ বলেন, অপহরণ ও মানবপাচারকারী চক্রের মূল হোতা জাকির হোসেন (৫৫)। তাঁদের দলে ১০-১৫ সদস্য রয়েছে। তাঁরা যাত্রাবাড়ী, সায়েদাবাদ, চিটাগাং রোড, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে সুযোগ বুঝে শিশু অপহরণ করতেন। যাত্রীবেশে এই চক্রটি মাইক্রোবাসে বিভিন্ন স্থানে বিচরণ করত। তারা সদরঘাট এলাকায় মাইক্রোবাসে করে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। রাস্তায় কোনো শিশুকে দেখামাত্র তাকে নিশানায় পরিণত করে সুযোগ বুঝে অচেতন করার ওষুধ খাইয়ে অপহরণ করত।
মুফতি মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এ পর্যন্ত ১৭টি শিশু অপহরণের কথা স্বীকার করেছেন। এদের মধ্যে আটজনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন, ছয়জনকে বিদেশে পাচার করেন এবং মাত্রাতিরিক্ত ওষুধের ব্যবহারে দুজন শিশুকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছেন। চক্রটির কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি, দুটি চাকু, একটি চাপাতি, বিপুল পরিমাণ ইয়াবা, শিশুদের অজ্ঞান করার জন্য ব্যবহৃত ২৩টি চেতনানাশক ইনজেকশন, দুটি ব্যবহৃত ইনজেকশন, ১৪টি সিরিঞ্জ এবং ১৭টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গত ৯ জানুয়ারি নারায়ণগঞ্জের বাসিন্দা মোসাম্মৎ ডালিম, র্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর পরিচালক বরাবর একটি অভিযোগ জমা দিয়ে বলেন, তাঁর আট বছরের ছেলে মো. বায়েজিদ গত বছরের ২৭ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিভিন্ন সময় ছেলের জন্য মুঠোফোনে মুক্তিপণ চান অপহরণকারীরা। মুক্তিপণ না দেওয়া হলে বায়েজিদকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর র্যাব শিশু বায়েজিদকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি রাতে চিটাগাং রোড এলাকা থেকে র্যাব-১১-এর একটি দল শিশু বায়েজিদকে উদ্ধার করে। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ রকম চক্রের সন্ধান পেতে র্যাব অভিযান চালাতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে জাকিরের নেতৃত্বাধীন চক্রের সন্ধান পাওয়া গেছে।