অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় অপহৃত ২ ব্যক্তি ছাড়াও অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, মলম, হাতকড়া ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জসিম, শহিদুল ইসলাম, সোহাগ হাওলাদার, সোহাগ মিয়া, মনির মাতুব্বর, সানাউল বেপারী এবং নিপা বেগম।

র‍্যাব-১ এর মিডিয়া অফিসার মুহিত কবির সেরনিয়াবাত প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

মুহিত জানান, গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে তাঁরা মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। মুক্তিপণ না দিলে অপহৃতদের নখ তুলে নেওয়া ছাড়াও চোখে মলম লাগানো এবং শারীরিক নির্যাতন চালানো হতো।