অপহরণকারী চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৯
রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মূল হোতা এরশাদসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাব ভুয়া আইডি কার্ডসহ মুক্তিপণের ৪৬ হাজার ৫০০ টাকাও উদ্ধার করেছে।
আজ সোমবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর ওরফে এরশাদ আলী (৪৫), মো. শরীফ ওরফে দেলোয়ার হোসেন (৩৫), মো. মিন্টু মিয়া (৪৬), মো. বাচ্চু মিয়া (৪৫), মো. তমিজ উদ্দিন (৪৮), হোসনে আরা বেগম (৪৫), আসমা বেগম (২০), মোছা. শারমীন আক্তার (১৮), মো. আকাশ চৌধুরী রনি (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গতকাল রোববার রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালায়। এ সময় খিলগাঁও রামপুরা এলাকা থেকে অপহরণকারী চক্রের মূল পরিকল্পনাকারী এরশাদসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাদের কাছ থেকে অপহৃত বিভিন্ন ব্যক্তির জিনিসপত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা বলেন, দলটি কৌশলে সাধারণ মানুষকে জিম্মি করে একটি ফ্ল্যাট বাড়িতে আটক করত। এরপর হত্যার হুমকি দিয়ে তাঁদের আত্মীয়দের কাছে থেকে মুক্তিপণ আদায় করত।
আসামিদের কাছ থেকে র্যাব বিভিন্ন মডেলের ১৫টি মোবাইল সেট, ২২টি সিমকার্ড, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, জাতীয় পরিচয়পত্র চারটি, দুটি ভুয়া সাংবাদিক কার্ড, সাতটি চেক বই এবং মুক্তিপণের ৪৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।