ধামরাইয়ের দুই স্কুলছাত্র হত্যার ঘটনায় আসামির ‘স্বীকারোক্তি’
অপহরণকারীদের চিনে ফেলায় হত্যা করা হয় দুই শিশুকে
ঢাকার ধামরাইয়ে মুক্তিপণের জন্য অপহরণ করা দুই স্কুলছাত্রকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন মিল্টন নামে গ্রেপ্তার হওয়া এক যুবক। অপহরণকারীদের চিনে ফেলায় শিশু দুটিকে নৃশংসভাবে মেরে ফেলা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
এদিকে মুন্সিগঞ্জে শ্বাসরোধ করে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে হত্যার কথা স্বীকার করে পৃথক আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আরেক যুবক। তবে রংপুরে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত মূল আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
ধামরাইয়ের দুই স্কুলছাত্রকে হত্যার ঘটনায় গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিল্টন। খুন হওয়া দুই শিশুর একজন ইমরানের চাচাতো ভাই তিনি। আগের দিন গত রোববার রাতে পুলিশ মিল্টন (২০), মিল্টনের বাবা তারা মিয়া (৪৪), ভাই রাব্বি (১৮) এবং রাসেল (২০) ও রুবেল হোসেন (২২) নামের দুই যুবককে ঢাকার ধামরাই উপজেলার চরচৌহাট গ্রাম থেকে আটক করে।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমানের ভাষ্যমতে, গ্রেপ্তারের পর রোববার রাতেই পুলিশের জিজ্ঞাসাবাদে মিল্টন শিশু ইমরান (১১) ও শাকিলকে (১০) হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে গতকাল আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক ওই জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম সানজিদা খানম জবানবন্দি লিপিবদ্ধ করেন।
আদালত সূত্রে জানা গেছে, শিশু ইমরান ও শাকিল অপহরণকারীদের চিনে ফেলায় তাদের হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় বলে মিল্টন আদালতকে জানান। ওসি জানান, আটক অপর চারজন হত্যাকাণ্ডে জড়িত কি না, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।
গত শুক্রবার বিকেলে মির্জাপুর উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের একটি লেবুখেত থেকে উদ্ধার করা হয় শাকিল ও ইমরানের গলা কাটা লাশ। দুজনের বাড়ি পাশের চরচৌহাট গ্রামে। গ্রামটি ঢাকার ধামরাই উপজেলার মধ্যে।
মুন্সিগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা: সদর উপজেলার মালিরপাথর এলাকায় মাদ্রাসাছাত্র নীরব মাদবর (১১) হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে মো. শামীম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে এ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শামীমকে বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্য, নীরবের লাশ মালিরপাথর এলাকার যে পরিত্যক্ত ঘরটি থেকে উদ্ধার করা হয়েছিল, সেটি শামীমদের। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, নীরবের সঙ্গে অনৈতিক কাজ করতেই তাকে পরিত্যক্ত ঘরটিতে নিয়ে গিয়েছিলেন তিনি। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ ভূঁইয়া বলেন, শামীম আদালতেও হত্যায় জড়িত থাকা নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত শনিবার সন্ধ্যায় নীরবের লাশ পুলিশ উদ্ধার করে। সে মালিরপাথর মাদ্রাসায় পড়ত। তার গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। নীরবের বাবা ভ্যানচালক শিপন মাদবর শনিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুন্সিগঞ্জ থানায় একটি মামলা করেন।
রংপুরে আসামি গ্রেপ্তার হয়নি: রংপুর নগরের আদর্শপাড়া এলাকা থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু রাহিমুল ইসলাম রনককে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মোবাশ্বের আলমকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রনক ব্যবসায়ী মোছাদ্দেক হোসেন রাঙার ছেলে।
শিশুটি অপহরণের পর করা মামলায় অভিযুক্ত মোবাশ্বের পলাতক থাকলেও বিভিন্ন সময়ে তাঁর স্ত্রী, বাবা-মা ও শ্বশুর-শাশুড়িকে পুলিশ আটক করেছে। তাঁরা এখন কারাগারে। গত রোববার রনককে নিয়ে প্রথম আলোয় ‘এবার রংপুরে শিশুর বস্তাবন্দী লাশ’ ও এর আগে গত ৫ জানুয়ারি ‘নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
অপহরণের প্রায় দুই মাস পর গত শুক্রবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেপানি গ্রামের একটি জমি থেকে শিশু রনকের বস্তাবন্দী মৃতদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ৩ ডিসেম্বর তার পরিবার একটি অপহরণের মামলা করে। মামলায় রনকের বাবা তাঁরই খালাতো ভাই মোবাশ্বের আলমকে অপহরণকারী হিসেবে উল্লেখ করেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রংপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও মির্জাপুর প্রতিনিধি৷