অপহরণকারীর পরিবারকে জিম্মি করে স্ত্রীকে মুক্ত
চাঁদা না দেওয়ায় যশোরের অভয়নগর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে রবীন বিশ্বাস (৫০) ও তাঁর স্ত্রী দুলালী রানী বিশ্বাসকে (৪৫) অপহরণ করে সন্ত্রাসীরা। রবীন পালিয়ে এসে গ্রামবাসীর চেষ্টায় অপহরণকারীর পরিবারের সদস্যকে জিম্মি করেন। পরে দুলালীকে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা। দুলালীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রানাগাতি গ্রামের জিয়াউর রহমানের (৩১) নেতৃত্বে মনিরুল (৩৫), সোহেল (২৫), নিফাসহ (২৬) সাত-আটজন সন্ত্রাসী উপজেলার শুভরাড়া গ্রামের বাড়িতে গিয়ে রবীন ও তাঁর স্ত্রী দুলালীকে অপহরণ করে পাশের ইছামতি গ্রামসংলগ্ন চাঁদের বিলে নিয়ে যান। এ সময় আরও সাত-আটজন সন্ত্রাসী তাঁদের সঙ্গে যোগ দেন। বিলের মধ্য দিয়ে যাওয়ার সময় দুলাল সুযোগ বুঝে পালিয়ে যান। এরপর গ্রামের লোকজন ও পুলিশে খবর দেন। শতাধিক গ্রামবাসী তাৎক্ষণিক সংগঠিত হয়ে পাশে রানাগাতি গ্রামে জিয়ার বাড়িতে গিয়ে তাঁর বাবা, মা ও স্ত্রীর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁদের মুঠোফোন দিয়ে জিয়াকে ফোন করান এবং দুলালীকে ছেড়ে দিতে বলেন। এরপর সন্ত্রাসীরা গভীর রাতে দুলালীকে বিলের মধ্যে ছেড়ে দেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দীন আহম্মেদ বলেন, অপহরণ ও চাঁদা দাবির ঘটনায় রবীন বিশ্বাস গতকাল শুক্রবার থানায় মামলা করেছেন। এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।