অপহরণকারীসহ দুজনকে আটক করল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অপহরণকারীসহ দুজনকে আটক করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই দুজনকে বিজিবির হাতে সোপর্দ করে। এ সময় অপহরণের শিকার ব্যক্তির কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। অপহরণের শিকার ওই ব্যক্তি হলেন হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের জংগইল গ্রামের সুলতান মাহমুদ (৩৩)। তবে বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম কিবরিয়ার দাবি, গোপন সূত্রে খবর পেয়ে সুলতানকে আটক করা হয়েছে। তাঁকে অপহরণ করার বিষয়ে বিজিবি কিছুই জানে না।
বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকার আনসার সদস্য শহিদুল ইসলাম, মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম ও স্থানীয় মোফাজ্জল হোসেন বলেন, সকালে তিন ব্যক্তি সুলতানকে একটি মোটরসাইকেলে তুলে ফুলবাড়ীর দিকে নিয়ে যাচ্ছিলেন। কলেজ বাজারে এসে সুলতান চিৎকার দিয়ে মোটরসাইকেল থেকে ঝাঁপ দেন। এরপর তিনি অপহরণকারীদের কাছ থেকে তাঁকে বাঁচাতে এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। তখন বাজারের লোকজন এগিয়ে এলে ওই তিন ব্যক্তি নিজেদের দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য বলে পরিচয় দেন। এ সময় শহিদুল ইসলাম ডিবির পরিচয়পত্র দেখতে চাইলে ওই ব্যক্তিরা সুলতানকে পাশের হোটেলে নিয়ে যান। সেখানে তাঁরা বাজারের লোকজনকে বলেন, সুলতান একজন সোনা পাচারকারী।
মোফাজ্জল হোসেন বলেন, ওই তিনজনের মধ্যে একজন হোটেল থেকে একটি হাঁসুয়া নিয়ে সুলতানের প্যান্টের কোমরের অংশটি কেটে তিনটি সোনার বার বের করে নিজের পকেটে ঢুকিয়ে নেন। এদিকে বাজারের লোকজন বিরামপুর বিশেষ ক্যাম্প ও থানায় ফোন করেন। এর মধ্যেই সুযোগ বুঝে দলের দুই সদস্য মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। তখন সুলতানসহ অপরজনকে বাজারের লোকজন আটক করেন। পরে বিরামপুর বিশেষ ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা এসে সুলতানের কাছ থেকে আরও পাঁচটি সোনার বার উদ্ধার করে দুজনকেই নিয়ে যান।
বিরামপুর বিশেষ ক্যাম্পে আটক সুলতান মাহমুদ বলেন, পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য ঢাকা থেকে সোনা নিয়ে আসেন তিনি। নৈশ পরিবহনে এসে বিরামপুর পৌর শহরের দক্ষিণ রেল গুমটিতে নামেন তিনি। সেখান থেকে ওই তিনজন তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করেন। তিনি আরও বলেন, চেঁচড়া গ্রামের জনৈক হব্বর নামের এক ব্যক্তি এক মাস আগে ঢাকার বায়তুল মোকাররম এলাকার অপরিচিত এক ব্যক্তির সঙ্গে তাঁকে পরিচয় করে দেন। ঢাকার ওই ব্যক্তি তাঁকে সোনার বারগুলো দেন। হব্বর সেগুলো ভারতে পাচার করেন। গত এক মাসে তিনি ঢাকা থেকে তিনবার সোনা নিয়ে এসেছেন। প্রতিবার সোনা আনার বিনিময়ে তিনি ২ হাজার ৫০০ টাকা পান।