অপহরণচেষ্টার অভিযোগে তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল সোমবার এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের চেষ্টাকালে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
আটক জাহাঙ্গীর আলম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গড়েরবাড়ী গ্রামের বাসিন্দা। ওই ছাত্রীর বাবা একজন ব্যবসায়ী। বাড়ি একই ইউনিয়নের শেরুয়া গ্রামে।
ওই ছাত্রী জানায়, প্রায় ছয় মাস ধরে তাকে কলেজে যাতায়াতের পথে জাহাঙ্গীর আলম উত্ত্যক্ত করে আসছেন। গতকাল বেলা সোয়া একটার দিকে সে কলেজে পরীক্ষা দিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিল। পথে উপজেলার করতোয়া বাসস্ট্যান্ডে জাহাঙ্গীর তার রিকশা থামিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা চালান। এ সময় সে চিৎকার দিলে পুলিশ তাকে উদ্ধার করে।
ওই ছাত্রীর বাবা জানান, জাহাঙ্গীর আলম বিবাহিত। আগে মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে তাঁর অভিভাবককে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। জাহাঙ্গীরের ভয়ে তাঁর মেয়েকে আতঙ্কের মধ্যে কলেজে আসা-যাওয়া করতে হয়।
জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই ছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় তোলা ঠিক হয়নি।’ তিনি দাবি করেন, ওই মেয়ের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক রয়েছে।
তবে ওই ছাত্রী এই সম্পর্কের কথা অস্বীকার করেছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ঘটনার সময় তিনি ওই বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্যরত ছিলেন। ওই মেয়ের চিৎকার শুনে তিনি দ্রুত গিয়ে কারণ জানতে চান। এ সময় অপহরণ চেষ্টার অভিযোগ পেয়ে তিনি মেয়েটিকে উদ্ধার করেন এবং জাহাঙ্গীর আলমকে আটক করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গতকাল বিকেলে থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।