অপহরণের অভিযোগ যুবলীগ নেতা গ্রেপ্তার
পূবালী ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুর শাখার এক কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার মধ্য বাজার এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। গতকালই তাঁকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের শিকার ওই কর্মকর্তার নাম জিল্লুর রহমান। তিনি পূবালী ব্যাংকের রায়পুর শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতার নাম আনোয়ার হোসেন। তিনি পৌর যুবলীগের সাবেক সদস্য।
এ ঘটনায় গতকাল বিকেলে জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ওরফে জুয়েলকে প্রধান আসামি করে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জিল্লুর রহমানকে বেলা ১১টার দিকে মধ্য বাজারের পূবালী ব্যাংকের শাখার নিচ থেকে নতুন বাজারের সালাহউদ্দিন ও আনোয়ার ঋণ নেওয়ার কথা বলে কৌশলে তুলে নিয়ে যান। তাঁরা তাঁকে নতুন বাজার এলাকার একটি সুপারির বাগানের ভেতরের ছাপরাঘরে নিয়ে আটকে রাখেন। সেখানে তাঁরা তাঁকে মারধর করেন। পরে তাঁরা তাঁর মুঠোফোন থেকে তাঁর স্ত্রীর কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপন দাবি করেন। একই সঙ্গে টাকা না দিলে তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ বিকেল চারটার দিকে সুপারি বাগানে অভিযান চালিয়ে জিল্লুরকে উদ্ধার ও আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।
জিল্লুর রহমান অভিযোগ করেন, ‘অপহরণের পর মারধর করে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন সালাহউদ্দিন ও আনোয়ার। এ টাকা দিতে দেরি করলে তাঁরা আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন।’
এ বিষয়ে যুবলীগ নেতা সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় অপহরণের অভিযোগে সালাহউদ্দিন, আনোয়ারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।