অপহরণের অভিযোগে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক যুবককে অপহরণের অভিযোগে পুলিশের তথ্যদাতাসহ (সোর্স) তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন, শাহজাহান ও তথ্যদাতা মো. মাসুদ রানা। গত সোমবার গভীর রাতে বাকলিয়া থানার পুলিশ তাঁদের আটক করে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, কক্সবাজারের মাছ ব্যবসায়ী ভুট্টো বড়ুয়া পরিবারের সঙ্গে অভিমান করে সপ্তাহ খানেক আগে চট্টগ্রামে আসেন। তিনি নগরের ডিসি হিল এলাকার বৌদ্ধবিহারের পাশে থাকতেন। ডিসি হিল এলাকায় ভ্রাম্যমাণ চা বিক্রেতা পুলিশের তথ্যদাতা মাসুদ রানা পেশাদার অপরাধীদের ভুট্টো সম্পর্কে জানান। সোমবার বেলা ১১টার দিকে অপহরণকারীরা ভুট্টোকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাকলিয়ার শান্তিনগর এলাকায় একটি বাড়িতে নিয়ে যান। পরে তাঁর ভাইয়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ সোমবার রাতে বগারবিল এলাকার ওই বাসা থেকে ভুট্টোকে উদ্ধার করে। ওই বাসা থেকে দেলোয়ার হোসেন ও শাহজাহানকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাসুদ রানাকে আটক করা হয়।