অপহরণের অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী
মুক্তিপণের জন্য অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে আটক করেছে র্যা ব। উদ্ধার করা হয়েছে বিদেশফেরত এক যুবকসহ অপহৃত দুজনকে। র্যা ব-১ গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
র্যা ব জানায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে মো. শিমন মিয়া (২৮) সিঙ্গাপুর থেকে ৫ মে দেশে ফেরেন। তিনি দেশে আসার পর রাজধানীর উত্তরার আইইউবিএটির ছাত্রী সাবরিনা কবির (২০) তাঁর সঙ্গে মুঠোফোনের মাধ্যমে সম্পর্ক গড়ার চেষ্টা করেন। একপর্যায়ে সাবরিনা তাঁর সঙ্গে দেখা করার জন্য তাঁকে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সামনে আসতে বলেন। এরপর চাচাতো ভাই মো. সাদ্দামকে (২৪) নিয়ে গত সোমবার দুপুরে শিমন সেখানে আসেন। এ সময় আট-নয়জন যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের একটি মাইক্রোবাসে তোলে এবং তাঁদের কাছ থেকে টাকা, মুঠোফোন অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়।
র্যা ব জানায়, অপহরণকারীরা একপর্যায়ে নিজেদের র্যা ব পরিচয় দিয়ে দুজনকে চোখ বেঁধে গাজীপুরের ভাওরাইদ দক্ষিণপাড়া প্রতিবন্ধী নগর এলাকার আকাশমণি বনে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁদের বেদম মারধর করা হয়। এ সময় অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শিমনকে তাঁর বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলে। ঘটনাটি পাশের আমবাগানে কর্মরত একজন নারী দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে জানান। তাঁরা বিষয়টি জানান স্থানীয় পোড়াবাড়ি র্যা ব ক্যাম্পে। পরে র্যা ব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় অপহৃত দুজনকে উদ্ধার করেন।
এ সময় ভাওরাইদ দক্ষিণপাড়া প্রতিবন্ধী নগর সড়কের তিন মাথার মোড় থেকে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস, ছয়টি মুঠোফোনসহ আটজনকে আটক করা হয়। তাঁরা হলেন উত্তরার আইইউবিএটির ছাত্র গাজীপুরের কাপাসিয়ার শেখ শাহিন, বরিশালের বাবুগঞ্জের মো. তারিকুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গার মো. রকি ওরফে জীবন, টাঙ্গাইলের মধুপুরের আবু তারেক, ময়মনসিংহের হালুয়াঘাটের সঞ্জয় রায়, সিরাজগঞ্জের উল্লাপাড়ার আল আমিন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গাজীপুরের বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এলাকার শেখ সাকিব এবং উত্তরা ইউনিভার্সিটির ছাত্র গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মো. কাইয়ুম।
পরে গ্রেপ্তার শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা আইইউবিএটির ছাত্রী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার চামামুশরীভূজ গ্রামের সাবরিনাকে উত্তরার বাসা থেকে আটক করা হয়।