অপহরণের অভিযোগে নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের অভিযোগে উত্তরখান থেকে লাভলী আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রোববার উত্তরখানের ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। লাভলীর বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় অপহরণের অভিযোগে মামলা আছে।

র‍্যাব জানিয়েছে, গত নভেম্বরের শেষে লাভলী তাঁর স্বামী রেজাউল করিমকে নিয়ে ঢাকা থেকে সিলেটে বেড়াতে যান। গত ১ ডিসেম্বর সিলেট থেকে ফেরার সময় তাঁরা সিলেটের মোগলা বাজার এলাকার তারিকুল ইসলামকে (৩২) তাঁদের সঙ্গে নিয়ে ঢাকায় আসেন। লাভলী-রেজাউল দম্পতির পূর্ব-পরিচিত তারিকুল।  

ঢাকায় আসার পর কানাডা নিয়ে যাওয়ার কথা বলে রেজাউল করিম কৌশলে তারিকুলকে ভারতে নিয়ে যান এবং একটি বন্ধ ঘরে আটকে রেখে তাঁকে শারীরিক নির্যাতন করেন। লাভলী ফোনে তারিকুলের বাবা আবদুল আহাদকে জানান যে তাঁর ছেলে কানাডা চলে গেছেন। কানাডা পাঠানোর খরচ হিসেবে তিনি আবদুল আহাদের কাছে টাকা দাবি করেন। পরে বিভিন্ন সময়ে আবদুল আহাদ ১৩ লাখ টাকা দেন লাভলীকে। পরে আরও ১০ লাখ টাকা দাবি করেন লাভলী। এতে আবদুল আহাদের সন্দেহ হলে তিনি সিলেটের দক্ষিণ সুরমা থানায় লাভলী ও তাঁর স্বামীকে আসামি করে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়।

মামলা তদন্তের একপর্যায়ে র‍্যাব জানতে পারে আসামি লাভলী উত্তরখানের ফায়দাবাদ এলাকায় আছেন। পরে তাঁকে ধরতে র‍্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আকরামুল হাসানের নেতৃত্বে র‍্যাব-১-এর একটি দল অভিযান চালায়। অভিযানে লাভলীকে আটক করা সম্ভব হলেও রেজাউলের সন্ধান পাওয়া যায়নি। রেজাউলের গ্রামের বাড়ি কুড়িগ্রামের চর রাজীবপুরের হাজিপাড়ায়।

এদিকে ভারতে জিম্মিদশায় থাকা তারিকুল সম্পর্কে র‍্যাব জানিয়েছে, আসামি গ্রেপ্তারের আগেই তারিকুল সুকৌশলে রেজাউলের কবল থেকে পালিয়ে যান। এখন তিনি ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।