অপহরণের অভিযোগে আটক ৪, শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়া থেকে মো. আব্বাস নামের ছয় বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার ও শুক্রবার তাদের আটক করা হয়। অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে শিশু আব্বাসকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ বিষয়ে আব্বাসের বাবা জমির সরকার র‌্যাব-১-এর অধিনায়ক বরাবর লিখিত অভিযোগে বলেন, শিশুটি অপহরণের পর মুঠোফোনে তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার র‌্যাব-১-এর একটি দল আশুলিয়া থেকে সোহেল আকন নামের একজনকে আটক করে। এরপর শুক্রবার রাতে পুরান ঢাকা থেকে নজরুল ইসলাম, ইমরান হোসেন ও রতন সরদার নামের তিনজনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলকে আটকের পরও অপহরণকারীরা মুঠোফোনে শিশু আব্বাসের বাবার সঙ্গে যোগাযোগ অব্যাহত করে মুক্তিপণের টাকা পাঠানোর জন্য তাগাদা দিয়ে যাচ্ছিল। একপর‌্যায়ে র‌্যাবের তৎপরতা আঁচ করতে পেরে অপহরণকারীরা ওই শিশুটিকে ওয়ারী থানা এলাকায় রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন ওই শিশুটিকে ওয়ারী থানায় সোপর্দ করেন। এরপর পরিবারের কাছে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। পরে র‌্যাব বাকি তিনজনকে আটক করে।
ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সুভাষ কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার দুপুরের দিকে ওয়ারীর রায় সাহেব বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ওই শিশুটিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় লোকজন। পরে কয়েকজন তাকে থানায় সোপর্দ করেন। পরে আমরা জানতে পারি, ওই শিশুটিকে আশুলিয়া থেকে অপহরণ করা হয়েছে।’
র‌্যাব-১-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, আটক সোহেল ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচিত।