অপহরণের অভিযোগে কনস্টেবলসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ডেণ্ডাবর এলাকা থেকে গত শনিবার রাতে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যা ব। অপহরণে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশের এক কনস্টেবল ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার তাঁদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম কাজল ওরফে আসাদুল। তিনি কুড়গাঁও এলাকায় ভাড়া থাকেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রি। অপহরণের ঘটনায় তাঁর স্ত্রী শিল্পী বেগম গতকাল আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
র্যা ব জানায়, আটক হওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের তারিকুল ইসলাম, জামালপুর সদর উপজেলার মাঝপাড়া গ্রামের তারা মিয়া ও পাবনা সদর উপজেলার কাচারিপাড়া গ্রামের মো. লিটন। তারিকুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার কম্পিউটার অপারেটর। তিনি আশুলিয়ার ডেণ্ডাবর নতুনপাড়া এলাকায় ফাল্গুনী হাউজিংয়ে বসবাস করেন। তারা মিয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও লিটন নিজেকে সাংবাদিক পরিচয় দেন।
র্যা ব হেফাজতে থাকাকালে তারিকুল ইসলাম বলেন, ‘আমার ব্লেজারের দামই ৩০ হাজার টাকা, আমি অপহরণ করতে পারি? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি। আগে বের হই, তার পরে দেখাব মজা।’
র্যা ব-৪ সাভার ক্যাম্প সূত্র জানায়, কাজল শনিবার সকালে ডেণ্ডাবর এলাকার কবরস্থান সড়কের জাকির হোসেনের বাড়িতে কাজ করতে যান। বেলা তিনটার দিকে পূর্বপরিচিত তমাল নামের এক তরুণ কথা আছে বলে তাঁকে ওই বাড়ি থেকে কিছু দূর নিয়ে যান। সেখানে ওত পেতে থাকা তারিকুল ও তারা মিয়া মোটরসাইকেলে করে কাজলকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। এরপর তাঁরা ডেণ্ডাবর মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের বাড়ির একটি কক্ষে আটকে রেখে কাজলের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা জোগাতে ব্যর্থ হয়ে কাজলের স্ত্রী শিল্পী বেগম বিষয়টি র্যা বকে জানান। র্যা ব শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আনোয়ারের বাড়ির একটি ঘর থেকে কাজলকে উদ্ধার করে। ওই ঘর থেকে তারিকুল, তারা মিয়া ও লিটনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে র্যা ব একটি হাতকড়া ও একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করে।
উদ্ধার হওয়া কাজল বলেন, আটক হওয়া ব্যক্তিরা ছাড়াও তমাল ও জাহাঙ্গীর তাঁকে অপহরণে জড়িত ছিলেন। জাহাঙ্গীরও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছেন। তমাল তাঁর আগের পরিচিত। তিনি কুড়গাঁও এলাকায় থাকেন। অপহরণের পর হাত ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে মুক্তিপণ আদায়ে তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। র্যা ব তিনজনকে আটক করলেও বাকিরা কৌশলে পালিয়ে যান।
র্যা ব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মাসুদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে অপহৃতকে উদ্ধারের পাশাপাশি তারিকুলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিরা পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। আমার ধারণা, এ ধরনের আরও ঘটনার সঙ্গে তারিকুল জড়িত। জিজ্ঞাসাবাদে সব বের হয়ে আসবে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, কনস্টেবল তারিকুলসহ তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।