অপহরণের আড়াই ঘণ্টা পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
অপহরণের আড়াই ঘণ্টা পর রাথিকা নামের সাড়ে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার পাবনার ঈশ্বরদী উপজেলায় এ ঘটনা ঘটে।
উপজেলার দাশুড়িয়া নতুনমোড় এলাকার আমিনুল ইসলামের মেয়ে রাথিকা। বুধবার বিকেলে দুই নারী মেহেদি কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, তাঁরা মুঠোফোন ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান জানতে পারেন। পরে পাবনা পুলিশের সহযোগিতায় শিশুটি উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়। আটক দুই নারী হলেন রাবেয়া খাতুন ও গোলাপী খাতুন। রাতে এ ঘটনায় রাথিকার বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানা-পুলিশ সূত্র জানায়, রাবেয়া খাতুনের বাড়ির পাশেই বসবাস করতেন আমিনুল ইসলাম। রাবেয়ার স্বামী সেখানে থাকতেন না। কয়েক দিন আগে গোলাপী ঈশ্বরদী থেকে দাশুড়িয়ায় রাবেয়ার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় রাথিকা ও তার মা মাকসুদা বেগমের সঙ্গে তাঁর পরিচয় হয়। বুধবার বিকেল পাঁচটার দিকে লামিয়া মেহেদি কিনে দেওয়ার অজুহাতে রাথিকাকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর অনেক সময় ধরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাথিকাকে ট্রাফিক মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক নারী নিয়ে যাচ্ছেন দেখে স্থানীয় কয়েকজন রাথিকার বাড়িতে খবর দেন। এর কিছুক্ষণ পর মুঠোফোনে রাথিকার বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৩৫ হাজার টাকা দাবি করেন গোলাপী। অন্যথায় রাথিকাকে ফেরত দেওয়া হবে না বলে তিনি রাথিকার বাবাকে হুমকি দেন।
বিষয়টি জানার পর ঈশ্বরদী ও পাবনা থানার পুলিশ যৌথভাবে জেলার সব সড়ক ও মহাসড়কে তল্লাশি শুরু করে। ঈশ্বরদী থানার ওসি দাশুড়িয়া থেকে রাবেয়া খাতুনকে আটক করে থানায় আনেন। অপর দিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাবনা সদরের বালিয়াহালট এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় গোলাপীকে আটক ও রাথিকাকে উদ্ধার করে পাবনা পুলিশ। পরে তাদের ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়।