অপহরণের এক দিন পর ছাত্রী উদ্ধার
অপহরণের এক দিন পর গতকাল শুক্রবার নীলফামারীর ডিমলা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম জাহাঙ্গীর হোসেন (১৮)। তাঁর বাড়ি ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া ও আসার পথে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে বিষয়টি ওই ছাত্রী তাঁর পরিবারেরকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গত বুধবার গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই রাতেই জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘ডিমলায় ছাত্রীকে অপহরণের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।