অপহরণের এক দিন পর শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক দিন পর নরসিংদীতে খোরশেদ আলম (১৯) নামের এক তাঁত শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজিপুর বেঙ্গল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ ও খোরশেদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, খোরশেদের বাড়ি নরসিংদী শহরের চৌয়ালা এলাকায়। গত বুধবার রাতে হাজিপুর মধ্যপাড়া এলাকার সাদ্দাম হোসেন খোরশেদকে হাজিপুর সেতুতে নিয়ে যান। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একই এলাকার সাত থেকে আটজন খোরশেদকে টেনেহিঁচড়ে বেঙ্গল এলাকায় নিয়ে মারধর করে। রাত ১১টার দিকে খোরশেদের বাবা ফজলুর রহমানের মুঠোফোনে বিকাশের মাধ্যমে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিষয়টি তিনি পুলিশকে জানালে বিকাশ নম্বরের সূত্র ধরে হাজিপুর আনসার ক্যাম্প এলাকার আল আমিনকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে বেঙ্গল এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ খালেদ বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।